শুধু গণিতে নয়, কোনো দিকেই দুর্বল নয় তারা

বাংলাদেশের শিক্ষার্থীরা কেবল গণিতে নয়, কোনো দিক দিয়েই দুর্বল নয় বলে মন্তব্য করেছেন গণিত উৎসবে আসা অতিথিরা। রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজে আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়েছে রাঙামাটি অঞ্চলের আঞ্চলিক গণিত উৎসব ২০১৬। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা তুলে উৎসবের উদ্বোধন করেন লেকার্স পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন।
উৎসবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন রাঙামাটি সরকারি কলেজের সহকারী শিক্ষক মো. আহসান উল্লাহ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন লেকার্স পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে লেকার্স পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন বলেন, ‘বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের একটা দুর্নাম ছিল যে, তারা গণিতে দুর্বল। কিন্তু গণিত উৎসব শুরু হওয়ার পর থেকে শুধু গণিত নয়, কোনো দিকেই যে তারা দুর্বল নয়, সেটা প্রমাণ করছে।’
উৎসবে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গণিতবিদ, বিজ্ঞানী বলে অভিহিত করে আবদুল মতিন বলেন, ‘তোমাদের প্রচেষ্টায় দেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, সে চেষ্টা সব সময় রাখতে হবে।’
উদ্বোধনী পর্বের পর প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীদের মূল পর্ব গণিত অলিম্পিয়াড (প্রতিযোগিতা) শুরু হয়। দিনব্যাপী আয়োজিত এ উৎসবে থাকছে প্রশ্নোত্তর পর্ব, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
রাঙামাটি অঞ্চলের এ উৎসবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ২০ টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে।