
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালককে দোষ না দিয়ে দুর্ঘটনাকবলিত ব্যক্তিরও দোষ আছে কি না তাও খতিয়ে দেখতে বলেছেন। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা ঘটলে কী কারণে সেটা ঘটল, তা খতিয়ে দেখতে হবে এবং শুধুমাত্র চালককে দোষ দিলে হবে না। দুর্ঘটনাকবলিত ব্যক্তির দোষ কতটুকু বা কী, সেটাও খতিয়ে দেখতে হবে। সড়ক ব্যবহারে সে নিয়মকানুন মেনেছে কি না, সেটাও দেখা দরকার।’
প্রধানমন্ত্রী বলেন, হঠাৎ করে কেউ দৌড়ে পার হওয়ার সময় দ্রুতগামী একটা যান তৎক্ষণাৎ থামতে পারে না। একটি যন্ত্র চাইলেই চট করে থামানো যায় না। চট করে দৌড় মারার কারণে দুর্ঘটনা হলে কেবল চালককে দোষ দেওয়া উচিত নয়।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের উদ্বোধন করেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।
সৌদি আরবের সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এফএসডি) এবং ওপেক ফান্ড ফার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) সহযোগিতায় ২ দশমিক ১১ কিলোমিটার এই ফ্লাইওভার অংশের নির্মাণে প্রায় ২৯৫ কোটি টাকা ব্যয় হয়।

প্রধানমন্ত্রী ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। ট্রাফিক পুলিশকেও এ বিষয়ে সচেতন থাকতে হবে। লোকজন যাতে এভাবে রাস্তা পার না হয়, তা দেখার জন্য প্রধানমন্ত্রী ট্রাফিক পুলিশদের প্রতি আহ্বান জানান।
রাস্তা পারাপারের সময় নিয়ম মেনে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস বা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যত্র-তত্র দৌড় দিয়ে রাস্তা পার হওয়া যাবে না, এগুলো বন্ধ করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে এসব কারণেই দুর্ঘটনা ঘটে থাকে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো অ্যাক্সিডেন্ট হলেই গাড়ি ভাঙা, আগুন দেওয়া, মানুষকে প্রহার করা, এসব পরিহার করতে হবে।’
আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে দুর্ঘটনা কবলিত লোকটিকে বাঁচানো জরুরি। অতি উৎসাহী জনগণ ড্রাইভারকে মারতে যতটা উৎসাহী, আহত লোকটিকে হাসপাতালে নিতে ততটা উৎসাহী নয়। এটি দুঃখজনক। এই মানসিকতা পরিহার করতে হবে।’
অধিকাংশ বাস দুর্ঘটনার কারণ একই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনাবশত কেউ পড়ে গেলে ড্রাইভার যদি সেই সময় গাড়িটা থামায়, তাহলে কিন্তু সে বেঁচে গেল। তাঁর কিন্তু আর জীবন নিয়ে শঙ্কা থাকে না। হাসপাতালে পাঠানো যায়। ট্রিটমেন্ট করা যায়। যেহেতু ড্রাইভার জানে যে, এমন সময় থামলে পিটুনি খেতে হবে, পিটুনি খেয়ে মারাও যেতে পারে। তাই, সে আর থামে না। সুতরাং কেউ হালকা ধাক্কায় পড়ে গেলেও তার ওপর দিয়ে আবার গাড়ি চলে যায়। কারণ তখন চালক নিজেকে বাঁচাতে চেষ্টা করে। অথচ পড়ে যাওয়া লোকটিকে তখনই উদ্ধার করা গেলে, হয়তো তাকে প্রাণে বাঁচানো যেত।
প্রধানমন্ত্রী বলেন, ‘এসব ক্ষেত্রে জনগণকে একটু ধৈর্য ধরতে হবে। দেখতে হবে কী কারণে, কার দোষে দুর্ঘটনা ঘটেছে।’
এ ছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে স্কুল পর্যায়েই ট্রাফিক আইন শিক্ষা দানের পরামর্শ দেন প্রধানমন্ত্রী তিনি বলেন, ‘স্কুলে ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাহলেই এসব দুর্ঘটনা কমতে পারে।’

এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম মুতায়ইরি। স্থানীয় সরকার বিভাগের সচিব এম এ মালেক এবং এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মঞ্চে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ, ঢাকা সিটি উত্তরের মেয়র আনিসুল হক এবং দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হকসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন