শুধু ছাত্রলীগের কর্মীদের নিয়ে বিএম কলেজের ‘কর্মপরিষদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু এই দাবি উপেক্ষা করে গঠন করা হয়েছে ‘কর্মপরিষদ’। ছাত্র সংসদের তহবিলে জমা প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে শুধু ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে এ পরিষদ গঠনের অভিযোগ পাওয়া গেছে।কর্মপরিষদের সভাপতি কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস গতকাল সোমবার দুপুরে ২৬ সদস্যবিশিষ্ট এ পরিষদ ঘোষণা করেন এবং এর সদস্যদের শপথ পড়ান।অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে পরিষদ গঠনের অভিযোগ অস্বীকার করে ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, আগামী তিন মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে কাজ চালিয়ে নিতে কর্মপরিষদ গঠন করা হয়েছে। অন্যান্য ছাত্রসংগঠনকে না ডাকার বিষয়ে তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোকে ডাকা হয়েছিল কিন্তু তারা আসেনি।অধ্যক্ষের সঙ্গে থেকে কর্মপরিষদ গঠনে ভূমিকা রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক এস এ কাইউম উদ্দিন। তিনি বলেন, ‘অর্থ আত্মসাতের প্রশ্নই ওঠে না। আমরা ছাত্রদের সমস্যা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু অন্যান্য ছাত্রসংগঠনই নয়, ছাত্রলীগের অন্য একটা অংশকেও কর্মপরিষদে রাখা হয়নি।এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিক সেরনিয়াবাত বলেন, ‘অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদক কাইউম উদ্দিন অর্থের বিনিময়ে একটি অগণতান্ত্রিক পরিষদ গঠন করেছেন। ছাত্র সংসদের তহবিলের অর্থ আত্মসাতের জন্য সংবিধান সংশোধন করে এ পরিষদ গঠন করা হয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচিত ছাত্র সংসদ ছাড়া গঠনতন্ত্র সংশোধন অবৈধ।’জেলা টেম্পো শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল সরদার বলেন, ‘নির্বাচন হবে, তাই এসেছি। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয়, সে জন্য কলেজে এসেছি।’ঘোষিত কর্মপরিষদের সাহিত্যবিষয়ক সহসম্পাদক শহীদুল ইসলাম, সমাজসেবা সম্পাদক গোলাম মোস্তফা সেরনিয়াবাত, সহপরিবহন সম্পাদক মেহেদী হাসানসহ অনেকেই গতকাল উপস্থিত ছিলেন না।যোগাযোগ করা হলে ছাত্রলীগের কর্মী গোলাম মোস্তফা সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, ‘আমরা চেয়েছিলাম নির্বাচন। কর্মপরিষদ গঠনের পরিকল্পনার বিষয়ে আমি কিছুই জানি না। আমি সেখানে উপস্থিত ছিলাম না, শপথও নিইনি।’ছাত্রদল জেলা কমিটির যুগ্ম সম্পাদক হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ছাত্রলীগকে খুশি রাখতে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এ পরিষদ গঠন করা হয়েছে।’তবে কলেজ কর্তৃপক্ষ বলেছে, গঠনতন্ত্র সংশোধনের জন্য শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে প্রতিনিধি পরিষদ গঠন করা হয়েছিল। তিনজন ছাত্র প্রতিনিধি ও তিনজন শিক্ষক প্রতিনিধি গঠনতন্ত্র সংশোধন করে কর্মপরিষদ গঠন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক বলেছেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়রের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।লিখিত অনুরোধ জানানোর কথা অস্বীকার করে মেয়র শওকত হোসেন হিরন গতরাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের দল এসে প্রথমে এ রকম একটা প্রস্তাব দেয়। আমি তাঁদের বলেছি, আপনারা যেটা ভালো মনে করেন, সেটাই করেন।’