শুধু জীববিজ্ঞানের 'এমসিকিউ'-এ ২!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী প্রতিটি বিষয়েই নম্বর ভালো পেলেও জীববিজ্ঞানের ‘এমসিকিউ’-এ মাত্র ২ নম্বর পেয়েছে। এর ফলে পাস করতে পারেনি ওই শিক্ষার্থী। এই অনাকাঙ্ক্ষিত ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পৃথক দুটি আবেদন করেছেন ওই শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।

ওই শিক্ষার্থীর বাবার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে প্রধান শিক্ষকের সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে অভিযোগপত্র থেকে জানা গেছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে গত ২৮ মে নন্দিতা হিরা নামের ওই শিক্ষার্থীর বাবা আলতাফ হোসেন সন্তানের খাতা পুনর্মূল্যায়নের আবেদন জানান। এ থেকে জানা গেছে, এবারের এসএসসি (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) পরীক্ষায় রংপুরের শ্যামপুর সুগার মিলস উচ্চবিদ্যালয় থেকে নন্দিতা হিরা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেয়। তার পরীক্ষার কেন্দ্র ছিল শ্যামপুর উচ্চবিদ্যালয়।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর নম্বরপত্রে দেখা যায়, জীববিজ্ঞান বিষয়ের ‘এমসিকিউ’-এ নন্দিতা মাত্র ২ নম্বর পেয়েছে। কিন্তু একই বিষয়ের লিখিত পরীক্ষায় ৫০ নম্বরের মধ্যে ৪০ ও ব্যবহারিক পরীক্ষায় পুরো ২৫ নম্বরই পেয়েছে।

এ ছাড়া নন্দিতা অন্যান্য বিষয়ের মধ্যে বাংলায় ‘এ’, ইংরেজিতে ‘বি’, অঙ্কে ‘এ-’, শারীরিকে ‘এ+’, গ্লোবাল স্টাডিজে ‘এ’, ইসলাম ধর্মে ‘এ+’, পদার্থে ‘এ’, রসায়নে ‘এ’, আইসিটিতে ‘এ+’, কেরিয়ার স্টাডিজে ‘এ’ ও উচ্চতর গণিতে ‘এ+’ পেয়েছে।

শিক্ষার্থীর বাবা আলতাফ হোসেন বলেন, তাঁর মেয়ে ভালো ছাত্রী। মেয়ের নম্বরপত্র থেকেও এ বিষয়টি অনুমান করা যায়। সে বিদ্যালয়ের পরীক্ষাগুলোতেও প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করে আসছিল। কিন্তু যে কেন্দ্রে পরীক্ষা হয়েছে ওই কেন্দ্র শ্যামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সঙ্গে নন্দিতার বাবা আলতাফ হোসেনের বিরোধ আছে। তিনি আরও বলেন, ‘এই বিরোধের জের ধরেই ঈর্ষান্বিত হয়ে আমার মেয়ের জীববিজ্ঞান বিষয়ের এমসিকিউতে একাধিক গোল্লা ভরাট কিংবা এমসিকিউ শিট পরিবর্তনও করতে পারে বলে আশঙ্কা করছি। তাই ওই এমসিকিউ শিট পুনরায় মূল্যায়নের দাবি করছি।’ তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ের শিক্ষাজীবন যেন এভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’

নন্দিতা হিরা যে বিদ্যালয়ের শিক্ষার্থী সেই শ্যামপুর সুগার মিলস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ফাত্তাহ মিঞা বলেন, ‘মেয়েটির ফলাফল অস্বাভাবিক। এটি কখনোই হতে পারে না। জীববিজ্ঞান বিষয়ের এমসিকিউয়ের শিট পুনর্মূল্যায়নের জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ করে গত ৯ মে আবেদনও করেছি।’

এদিকে ওই শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র শ্যামপুর উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে একটি আবেদন পেয়েছি।’ বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।