শুধু ঝড়-বন্যা মোকাবিলায় লাগবে ৫৭০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ফলে যে ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা হবে, তা মোকাবিলা করতে বাংলাদেশের ৫৭০ কোটি মার্কিন ডলার লাগবে। ২০৫০ সালের মধ্যে এই অর্থ প্রয়োজন হবে। বিশ্বব্যাংকের ‘দ্য কস্ট অব অ্যাডাপটেশন টু এক্সট্রিম ইভেন্টস ইন এ চেঞ্জিং ক্লাইমেট’ শীর্ষক এক গবেষণা সমীক্ষায় এ তথ্য রয়েছে।এই সমীক্ষা গতকাল বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে উপস্থাপন করা হয়। সমীক্ষায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে মৌসুমি বন্যাআক্রান্ত এলাকা বাড়বে। এতে অতিরিক্ত ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ঝড়-জলোচ্ছ্বাসের কারণে উপকূলে ঝুঁকির মধ্যে থাকা মানুষের সংখ্যা ৮০ লাখ থেকে বেড়ে এক কোটি ৩৫ লাখে দাঁড়াবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে আরও ৯০ লাখ মানুষ বিপন্ন হবে।সমীক্ষায় আরও বলা হয়, এই ঝুঁকি মোকাবিলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ, উপকূলীয় বেড়িবাঁধ উঁচু, মেরামত ও পুনর্নির্মাণ করতে হবে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, রাস্তা মেরামত ও উঁচু করতে হবে। এ বাবদ অতিরিক্ত ৫৭০ কোটি ডলার খরচ হবে।অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জরুরি ভিত্তিতে এক হাজার কোটি ডলার প্রয়োজন।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, ষাটের দশকে তৈরি উপকূলীয় বেড়িবাঁধগুলো দীর্ঘদিন ভালোমতো মেরামত ও রক্ষণাবেক্ষণ হয়নি। এসব বাঁধ দ্রুত মেরামত ও পুনর্নির্মাণ করা প্রয়োজন। বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিসের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে, তা বোঝার জন্য এ ধরনের সমীক্ষা অন্যান্য ক্ষেত্রেও করা প্রয়োজন।বিশ্বব্যাংকের এ দেশীয় পরিচালক এলেইন গোল্ডস্টেইন বলেন, এই সমীক্ষা জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহায়ক হবে।গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস বিশ্বব্যাংকের হয়ে গবেষণাটি করে। এতে আর্থিক সহায়তা দেয় ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।ইউনূস প্রসঙ্গ: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা প্রসঙ্গে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গেই মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন। বিএনপি বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়া অন্য কেউ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে পারেন না। কিন্তু বিএনপি না বুঝেই বলছে, ইউনূসকে তাচ্ছিল্য করতে প্রধানমন্ত্রী ওই প্রস্তাব দিয়েছেন। আসলে বিএনপিই ইউনূসকে তাচ্ছিল্য করেছে।