শুধু তিন জোড়া স্যান্ডেল ভেসেছিল পানিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন দুপুর ১২টা। ডোবার ঘোলা পানিতে তখনো লাল রঙের তিন জোড়া স্যান্ডেল ভেসে আছে। পাড়ে দাঁড়িয়ে শত শত মানুষ বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। স্যান্ডেলগুলো ভাসছে। তুলে আনার আর কোনো প্রয়োজন বোধ করছে না কেউ। ঘণ্টা খানেক আগে সেন্ডেলগুলো তাদের পায়েই ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তাদের নাড়ির স্পন্দন থেমে গেছে, তবু স্বজনদের মন মানেনি। হাসপাতালে গিয়েও একই খবর। কর্তব্যরত চিকিত্সক জানিয়ে দেন, সেখানে পৌঁছার আগেই তারা মারা গেছে।

আজ শনিবার চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ডোবার পানিতে ডুবে দুই ভাইবোন ও তাদের খালার মৃত্যু হয়েছে।

তাদের নাম শ্রাবণ সরকার ওরফে শোভন (৭), তার বড় বোন সানজিদা খাতুন (৯) ও খালা রিতু খাতুন (১২)। শ্রাবণের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলা সদরে। বাবার নাম আজিজুল হক। শ্রাবণ চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে প্রথম শ্রেণীতে ও সানজিদা তৃতীয় শ্রেণীতে পড়ত। আর রিতু বনকিশোর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবার নাম রবিউল ইসলাম। তার বাড়ি চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রাবণ ও সানজিদা আগের দিন তার মায়ের সঙ্গে ফরিদপুর গ্রামে নানার বাড়িতে যায়। আজ বেলা সাড়ে ১১টার দিকে শ্রাবণের নানি রাবেয়া খাতুন তাদের বাড়িতে না পেয়ে খুঁজতে বের হন। বাড়ির পাশের ডোবার পানিতে তাদের স্যান্ডেল ভেসে থাকতে দেখে চিত্কার করে ওঠেন তিনি। তখন পাশের জমিতে ঘাস কাটছিলেন গিয়াস উদ্দিন নামের এক যুবক। চিত্কার শুনে তিনি ছুটে এসে পানিতে ঝাঁপ দেন। গিয়াস উদ্দিন জানান, পানিতে নেমেই তিনি একজনকে পান। তাকে ওপরে তুলে দেখেন তার নাড়ির স্পন্দন নেই। আরও লোকজন এসে খুঁজে বাকি দুজনকে পায়। তাদেরও একই অবস্থা।

গিয়াস উদ্দিন জানান, হয়তো একজন পানিতে পড়ে গেছে দেখে অন্যজন তাকে ওঠাতে গেছে; এভাবে তিনজনই পানিতে ডুবে গেছে। একপর্যায়ে তিনজনকে হাসপাতালের দিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক জানিয়ে দেন, তিনজনের কেউ বেঁচে নেই।

স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে ফরিদপুর গ্রামের বাতাস। রিতুর শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, আজ সকালেও রিতু তার কাছ থেকে প্রাইভেট পড়ে গেছে। কিছুক্ষণ পরেই তার মৃত্যুর খবর শুনে তিনি হতবাক হয়ে গেছেন। তিনি বলেন, এই তিন শিশুর স্মৃতি গ্রামের মানুষ ভুলতে পারবে না।