শুধু দোয়া চাচ্ছেন জিম্মি জাফর ও গিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই—আমার ছেলেটা কেমন আছে, কোথায় আছে, কী খাচ্ছে?’ কথাগুলো শেষ করতে পারলেন না ফরিদা টন্নু চৌধুরী, কান্নায় ভেঙে পড়লেন। কান্না সামলে বললেন, ‘শুনেছি ওদের দিলে দয়ামায়া নাই। আপনারা আমার ছেলেটারে এনে দেন।’ ফরিদার ছেলে মোহাম্মদ জাফর ইকবাল আট দিন ধরে সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী। চট্টগ্রাম নগরে জাফরের বাসায় গিয়ে দেখা যায়, ছেলের ছবি বুকে নিয়ে কাঁদছেন মা। পরিবারের সবার মধ্যে উৎকণ্ঠা। একই দৃশ্য জলদস্যুদের হাতে বন্দী চট্টগ্রামের আরেক বাসিন্দা গিয়াস উদ্দিন আজম খানের বাসায়। তিনিও জাফরের সঙ্গে বন্দী। আট দিন ধরে মাতম চলছে এই দুই পরিবারে। গিয়াসের স্ত্রী বিবি ফাতেমা বলেন, ‘চার মাস আগে আমার স্বামী চট্টগ্রাম থেকে জাহাজে গেছেন। ৫ মে তাঁর সঙ্গে শেষ কথা হয়। জলদস্যুদের কবলে পড়ার পর কয়েকবার ফোন করেন। তখন শুধু দোয়া চেয়েছেন।’জানা গেছে, জাহাজের সবাই জলদস্যুদের কাছে জিম্মি। জলদস্যুদের চোখ এড়িয়ে জাফর ও গিয়াস চট্টগ্রামের বাড়িতে ফোন করে তাঁদের উদ্ধার করার আকুতি জানান।৮ মে মুম্বাই থেকে বেলজিয়ামে যাওয়ার পথে এডেন উপসাগরে ২২ জন ক্রুসহ জার্মান অয়েল ট্যাংকার মারিডা মারগারিটা সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। ওই জাহাজের দুজন ক্রুর বাড়ি চট্টগ্রামে। জাফর কেমিক্যাল অয়েল ট্যাংকারটির প্রধান কর্মকর্তা। গিয়াস উদ্দিন একই জাহাজের দ্বিতীয় প্রকৌশলী। অন্য ২০ জন ক্রুর ১৯ জন ভারতীয় ও একজন ইউক্রেনের।জাফরের বন্ধু নাফিজ আহমেদ জানান, ‘কয়েক দিন আগে জলদস্যুরা জিম্মিদের মেইলে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য আধা ঘণ্টা সময় দিয়েছিল। তখন জাফর আমাকে মেইল করেন। এতে তিনি বার্তা পাঠান, ‘বন্ধু, আমার জন্য কিছু কর।’জাফর ও গিয়াসের শিপিং এজেন্ট মেরিন এজেন্সি সার্ভিসেস লি. চিটাগাং। জাফরের ছোট ভাই মেহেদী কাউসার অভিযোগ করেন, ‘আমরা শিপিং এজেন্টের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি না। তারা আমাদের ফোনও ধরছে না।’তবে মেরিন এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ইমতিয়াজ দাবি করেন, ‘আমরা যে বার্তা পাচ্ছি, তা পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি। সরকারের সংশ্লিষ্ট দপ্তরকেও বিষয়টি জানিয়েছি।’৯ মে আগ্রাবাদের সরকারি সমুদ্র পরিবহন কার্যালয় সরকারি ভবন-১ থেকে শিপিং মাস্টার শেখ আলী আম্বিয়ার সই করা একটি চিঠি জাফর ও গিয়াসের পরিবারের কাছে পাঠানো হয়। এতে জাহাজটি জলদস্যুর কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে পরিবারকে ধৈর্য ধরার এবং আল্লাহর কাছে বিপদমুক্তির জন্য দোয়া চাওয়ার অনুরোধ করা হয়। সমুদ্র পরিবহন অধিদপ্তরের একটি সূত্র জানায়, জাহাজের জার্মান মালিক জিম্মি ক্রুদের উদ্ধারের চেষ্টা করছেন।গিয়াসের মা শিরিন আকতার বলেন, ‘সে হঠাৎ ফোন করে ১০-২০ সেকেন্ড কথা বলার পর লাইন কেটে যায়। বুঝতে পারছি, সে গোপনে ফোন করছে।’ গিয়াসের বাবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক আবুল বাশার বলেন, ‘দস্যুরা ছেলেকে বলেছে, “তোমরাও গরিব, আমরাও গরিব। আমরা টাকা পেলে তোমাদের ছেড়ে দেব।” আমার ছেলে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনছে। সরকারের কাছে আমার আবেদন, আমার ছেলেকে মুক্ত করে আনুন।’সমুদ্র পরিবহন দপ্তরের শিপিং মাস্টার শেখ আলী আম্বিয়া বলেন, ‘জিম্মিদের উদ্ধারে মূল ভূমিকা পালন করার কথা ওই জাহাজের শিপিং এজেন্টের। তারা ভারতের প্রিন্সিপালের মাধ্যমে সমঝোতা করতে পারে। আমরা স্থানীয় শিপিং এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। দুই জিম্মিকে মুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছি।’