শুধু নামফলক বসেছে ১৮ দিনেও কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপীবাগে রাস্তার সংস্কারকাজের সেই নামফলক l প্রথম আলো
গোপীবাগে রাস্তার সংস্কারকাজের সেই নামফলক l প্রথম আলো

রাস্তাটি খারাপ এক বছরেরও বেশি সময়। মাঝে মাঝে খোয়া ফেলা হয়। স্থায়ীভাবে সারানো হয় না। এবার মহাসমারোহে মেরামতকাজের উদ্বোধন হলো। বসানো হলো নামফলক। কিন্তু ১৮ দিনেও কাজ শুরু হলো না।
মতিঝিল-সংলগ্ন আর কে মিশন রোডে জজ গলির কাছে এই ‘ওয়ান টু নাইনটি নাইন’ শপিং সেন্টারের পাশে এই নামফলক শোভা পেতে দেখা যায় গতকাল রোববার। এলাকাবাসী জানান, বৃষ্টি হচ্ছে নিয়মিত। বর্ষা পুরোপুরি শুরু হলে হয়তো রাস্তার মেরামতকাজ শুরু হবে। অথবা নামফলক দিয়েই বছর পার করিয়ে দেওয়া হবে। কোতোয়ালি ও লালবাগ থানা এলাকাতেও অন্তত পাঁচটি গলি রয়েছে, যেগুলোয় উদ্বোধনের নামফলক বসিয়ে কাজ শুরু করা হয়নি। জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, নামফলক বসানোর পরে নানা কারণে কাজ শুরু করা যায় না। ঠিকাদারেরা সময়মতো কাজ শুরু করতে পারছেন না, এমনও হচ্ছে। তিনি বলেন, গত ২৫ মার্চ ডিএসসিসির প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে এসব রাস্তার মেরামতকাজ বর্ষার পরে ধরা হবে—এমন সিদ্ধান্তও হয়েছে।
ডিএসসিসি একযোগে আড়াই শ রাস্তা মেরামতের যে প্রকল্প হাতে নিয়েছে, আর কে মিশন রোডের রাস্তাটি তার একটি। গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নামফলকটির পাশেই রাস্তায় বড় একটি গর্ত। মাঝখানে মাটির নিচের নর্দমার ঢাকনা ভেঙে এই গর্তের সৃষ্টি। ফোন-ফ্যাক্স-ফটোকপি করার এক দোকানের কর্মী বলেন, তিন মাস আগে ঢাকনাটি ভেঙে পড়ার পর মাটি-বালু দিয়ে ভরাট করা হয়। যখন-তখন যানবাহনের চাকা পড়ে যায়। রিকশা উল্টে আরোহীর আহত হওয়ার ঘটনাও ঘটে।
গতকাল সকালে এইচএসসি পরীক্ষা শুরুর আগে থেকেই এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ভাঙা রাস্তার কারণে ছাত্রছাত্রীদের চলাচলেও সমস্যা হয়। রাস্তার মাঝের গর্তে একটি রিকশা পড়ে গেলে অবস্থা আরও খারাপ হয়ে যায়। ওয়ান টু নাইনটি নাইনের কাছে চারজন পুলিশ সদস্য যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করে হিমশিম খান। যে রাস্তাটি মেরামতের জন্য নামফলক বসানো হয়েছে সেখানে মসজিদ, বাচ্চাদের স্কুল রয়েছে। প্রান্তসীমায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন। একটি মনিহারি দোকান, একটি নির্মাণসামগ্রীর দোকান এবং একটি লন্ড্রি। লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার মসজিদে জায়গার সংকুলান না হওয়ায় ভাঙা রাস্তায় মাদুর, চাদর, শতরঞ্জি পেতে জুমার নামাজ আদায় করেন অনেকে, যা তাঁদের জন্য পীড়াদায়ক। স্থানীয় কথাকলি স্কুলে এসে বিড়ম্বনার শিকার হতে হয় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকদেরও।