পুরান ঢাকার নাজিরা বাজার মাতৃসদনে রোগী বাড়ছে না। লোকবল থাকলেও মানুষের যাতায়াত কম। অবেদনবিদ নেই, আলট্রাসনোগ্রাফিরও ব্যবস্থা নেই। নানাবিধ ‘নেই’ নিয়ে চলছে হাসপাতালটি।
গত ২৯ জুলাই ও পয়লা আগস্ট এই হাসপাতালে গিয়ে দেখা যায়, অন্তর্বিভাগে ভর্তি মাত্র তিনজন রোগী। ২৯ জুলাই শুক্রবার হওয়ায় বহির্বিভাগ বন্ধ ছিল। তবে আলাদা করে কোনো জরুরি বিভাগ চোখে পড়েনি। কর্তব্যরত নার্স বলেন, চতুর্থ তলায় ওয়ার্ডের পাশে নার্স যেখানে বসেন, ওটাই ‘জরুরি বিভাগ’। জরুরি চিকিৎসার জন্য কোনো রোগী এলে তাকে খুঁজে চতুর্থ তলায় যেতে হবে।
পয়লা আগস্ট বেলা একটায় গিয়ে দেখা যায় দোতলায় বহির্বিভাগে রোগী নেই। তিনজন রোগী অন্তর্বিভাগে ভর্তি আছেন।
আনমুনা আক্তার তিন দিন ধরে ভর্তি আছেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর বাচ্চা হয়েছে। চিকিৎসাসেবায় সন্তুষ্ট। তিনি বলেন, ‘অনেক রাতেও আয়া ডেকে পাই, কেউ বিরক্ত হয় না।’
শান্তা রহমান পাঁচ দিন ধরে আছেন। তিনি বললেন, তাঁর পরিবারের অনেকেই এখানে আসেন। তবে অনেক ওষুধ বাইরে থেকে কিনেছেন।
মাতৃসদন হলেও এখানে আলট্রাসনোগ্রাফির কোনো ব্যবস্থা নেই। প্রসূতি মায়েদের আশপাশের ক্লিনিকগুলোর ওপর নির্ভর করতে হয়। প্রায় প্রতিদিনই অস্ত্রোপচার হয়। কিন্তু অবেদনবিদ নেই। মাতৃসদনের তত্ত্বাবধায়ক ইসমত আরা বলেন, ‘অন কলের মাধ্যমে অ্যানেসথেসিয়াবিদ (অবেদনবিদ) বাইরে থেকে নিয়ে আসতে হয়।’
ভবনের পাঁচ তলাটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) তাদের ভান্ডার হিসেবে ব্যবহার করছে। তত্ত্বাবধায়ক বললেন, ইউএনএফপিএ তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছে। আশা করছেন, দ্রুতই বুঝে পাবেন।
হাসপাতালে ঢুকতে একটি অ্যাম্বুলেন্স দেখা গেল। খোঁজ নিয়ে জানা যায়, চালকের পদ না থাকায় এর ব্যবহার নেই। তিন তলায় অস্ত্রোপচার ও প্রসবের কক্ষ। লিফটের ব্যবস্থাও নেই। প্রসূতিদের হেঁটে তিনতলায় যেতে হয়।
রোগী কম আসার বিষয়ে ইসমত আরা বলেন, ‘আগে শূন্য ছিল, সেখান থেকে এখন রোগী বাড়িয়েছি।’ তিনি আরও বলেন, অবস্থানগত কারণ ও লোকজনের না জানার কারণে রোগী কম। দুপুর ১২টা পর্যন্ত রোগীর ভিড় থাকে। এরপর দু-একজন আসেন। একজন কনসালট্যান্ট থাকায় অনেক সময় রোগীকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেন।
কর্তৃপক্ষের কাছে তিনি বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। অপেক্ষা করছেন সমস্যা সমাধানের জন্য।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে বলেন, ‘জরুরি বিভাগকে দোতলায় নামিয়ে দিতে বলেছি। মাতৃসদনের উন্নয়নের জন্য এবার মেয়র কিছু অর্থ বরাদ্দ করেছেন।’ অ্যাম্বুলেন্সের চালক বিষয়ে বলেন, চালকের জন্য সরকারের কাছে আবেদন করেছেন। সমস্যা ধরে ধরে সমাধানের চেষ্টা করছেন।