ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু নেই আর নেই। দুই বছর আগে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। তবে এখনো ৫০ শয্যার চিকিৎসাসেবা-কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। এই হাসপাতালটি চিকিৎসক, সেবিকা, যন্ত্রপাতি ও ওষুধের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।উপজেলার ১০টি ইউনিয়ন ছাড়াও সদর উপজেলার বুধল, মজলিশপুর ও নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের রোগীদের চিকিৎসাসেবার বড় ভরসা এই হাসপাতাল। গত ২৪ মার্চ সরেজমিনে দেখা যায়, এই হাসপাতালে ২১ জন চিকিৎসকের দায়িত্ব পালন করছেন ১১ জন। ১৬ জন সেবিকার জায়গায় আছেন ১০ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও), আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), একজন দন্তচিকিৎসক ও আটজন চিকিৎসা কর্মকর্তা থাকলেও ১০ কনসালটেন্ট পদের সব কটি পদই শূন্য রয়েছে। এখানে পদ থাকলেও চর্ম ও যৌন, নাক-কান-গলা, অস্ত্রোপচার, অ্যানেসথেসিয়া, মেডিসিন, কার্ডিওলজি, শিশু, চক্ষু, অর্থোপেডিক ও প্রসূতি বিভাগের কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জরুরি বিভাগ থাকলেও সার্বক্ষণিক চিকিৎসকের কোনো পদ নেই। জেনারেটর থাকলেও নেই টেকনিশিয়ান ও জ্বালানি তেল। আলট্রাসনোগ্রামের মেশিন ও আধুনিক যন্ত্রপাতি নেই। প্রসূতিদের জন্য একটি আধুনিক অস্ত্রোপচার কক্ষ (ওটি) থাকলেও, গাইনি সার্জন, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ, ব্লাড ব্যাংক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় দুই বছর ধরে প্রসূতিদের অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না। আলাদা গাইনি ওয়ার্ড না থাকায় সাধারণ ওয়ার্ডে চলে প্রসূতিদের চিকিৎসা। ডায়রিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য চার শয্যার একটি কক্ষ থাকলেও সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে ডায়রিয়ায় আক্রান্ত নারী, পুরুষ ও শিশুরা বাধ্য হয়ে আশ্রয় নেন হাসপাতালের বারান্দায় বা পুরুষ ওয়ার্ডে। এ ছাড়া চালক কর্মস্থলে উপস্থিত থাকলেও দুই বছর ধরে অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে আছে। এদিকে বিদ্যুৎ চলে গেলে সন্ধ্যার পর হাসপাতালে এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। তখন মোমবাতিই ভরসা। টেকনিশিয়ান খোরশেদ আলম জানান, এক্স-রে মেশিন থাকলেও এক্স-রে ফিল্মের অভাবে তিনি কোনো কাজ না করে সময় পার করছেন। ৫০ শয্যার চিকিৎসাসেবার কার্যক্রম পুরোপুরি চালু না হলেও ৫০ শয্যা হাসপাতালের বিধি অনুযায়ী বহির্বিভাগের রোগীদের কাছ থেকে জনপ্রতি তিন টাকা এবং ভর্তি রোগীদের কাছ থেকে জনপ্রতি আট টাকা করে নেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের হামিদ আলী ও কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দী গ্রামের জহিরুল হকসহ আরও অনেকে জানান, এখানে প্রতিদিন তিন-চারটি বড়ি ছাড়া আর কিছুই দেওয়া হয় না। সব বাইরে থেকে কিনে আনতে হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. ইলিয়াস মিয়া বলেন, সব মিলিয়ে এই হাসপাতালে ১৭৬টি পদ রয়েছে। তবে ৫১টি পদ এখনো শূন্য আছে। ইউএইচও মো. শওকত হোসেন বলেন, ‘এ হাসপাতালের সমস্যাগুলোর কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, অল্প সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান হবে।’