শুধু পরীক্ষার ফি আদায় বৃত্তি দেওয়ার নাম নেই
হবিগঞ্জ পাঠশালা বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ দানিয়ের আহমেদ। এক বছর আগে সে প্রথম শ্রেণিতে হবিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি-২০১৪ পায়। এখন সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। দুই-আড়াই মাস পরই তৃতীয় শ্রেণিতে উঠবে। অথচ প্রথম শ্রেণির সেই বৃত্তি এখনো পায়নি। দানিয়ের প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তার অভিভাবক তাসলিমা আনছারী।
শুধু দানিয়েরই নয়, জেলা সদরের আড়াই শ শিক্ষার্থীর মধ্যে বৃত্তির ঘোষণা দিয়ে বৃত্তি প্রদান না করার অভিযোগ উঠেছে হবিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি আগামী ডিসেম্বরে আবারও বৃত্তি দেওয়ার কথা বলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে পরীক্ষার ফির নামে অর্থ আদায় করছে।
শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার তাসলিমা আনছারী বলেন, ছেলে দানিয়েরের বৃত্তির বিষয়ে তার স্কুলে যোগাযোগ করলে বলা হয় বৃত্তির অর্থ দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে, তা তারা বলতে পারে না।
মোহনপুর এলাকার নজরুল ইসলাম বলেন, তাঁর মেয়ে রাইসা ইসলাম দ্বিতীয় শ্রেণিতে বৃত্তি পায়। কিছুদিন পরপরই মেয়ে বৃত্তির বিষয়ে জানতে চায়। এর উত্তর তিনি দিতে পারেন না।
অভিভাবক ও শিক্ষকেরা বলেন, মো. সাদত হোসেন ও বন্ধু মঙ্গল রায়ের নেতৃত্বে পরিচালিত হবিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (সাদত-বন্ধু মঙ্গল) গত বছরের ডিসেম্বরে বৃত্তি পরীক্ষার আয়োজন করে। এতে জেলা সদরের বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীদের কাছ থেকে সাড়ে তিন শ থেকে পাঁচ শ টাকা হারে ফি নেওয়া হয়। অ্যাসোসিয়েশন প্রায় আড়াই শ শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার ফল ঘোষণা করে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের এ বিষয়ে নিশ্চিত করা হয়। পাশাপাশি স্থানীয় সংবাদপত্রেও ফল প্রকাশ করা হয়। তবে আজ পর্যন্ত কোনো শিক্ষার্থীকে বৃত্তির অর্থ প্রদান করা হয়নি।
বন্ধু মঙ্গল বলেন, আর্থিক কিছু সমস্যা থাকায় তাঁরা যথাসময়ে বৃত্তি দিতে পারেননি। এ ছাড়া বৃত্তি প্রদান অনুষ্ঠানে তাঁরা স্থানীয় সাংসদকে অতিথি করতে চান। সাংসদের কাছ থেকে সময় না পাওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম বলেন, কোনো অভিভাবক বিষয়টি তাঁদের জানাননি।
নাম প্রকাশ না করার শর্তে দুজন অভিভাবক বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ দিলে স্কুলে সন্তানদের ঝামেলা হতে পারে। তাই তাঁরা লিখিত অভিযোগ করতে চান না।