‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বক্তৃতায় আয়ার
শুধু পশ্চিমবঙ্গ নয়, সম্পর্ক উন্নয়নে উত্তর-পূর্ব ভারতেও নজর দিন
ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য বাংলাদেশকে দুই চোখ দিয়ে তাকাতে হবে। শুধু পশ্চিমবঙ্গের দিকে তাকালে চলবে না। চোখ দিতে হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও। ওই অঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব না দেওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক গত তিন দশকে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক নিয়ে বলতে গিয়ে এমন অভিমত দিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা মণিশঙ্কর আয়ার। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক বক্তৃতায় ভারতীয় রাজ্যসভার এ সদস্য দুই দেশের গত তিন দশকের সম্পর্কের মূল্যায়ন করেন। আগামী দিনে সম্পর্ক এগিয়ে নিতে কোথায় দৃষ্টি দেওয়া উচিত, সে ব্যাপারেও মত দেন তিনি। মণিশঙ্কর আয়ার বলেন, ‘আজ থেকে ৩৮ বছর আগে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়েছে, এখনো তা রয়ে গেছে। এগুলো খুব বড় সমস্যা নয়। সমস্যা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সদিচ্ছা আর উদ্ভাবনী শক্তির প্রয়োজন।’আয়ার সম্পর্কোন্নয়নের পথের বাধা দূর করার চেষ্টা করতে আমলাদের প্রতি অনুরোধ জানান। বাংলাদেশের সুহূদ হিসেবে পরিচিত এ নেতা বলেন, ‘ব্যবসায়ীদের সরাসরি সম্পর্ক স্থাপন সম্পর্কের সমস্যা কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখতে পারে বলে আমার বিশ্বাস।’ আয়ার বলেন, ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর দুই দেশের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এর পর থেকেই অবহেলিত হয়ে পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল। মণিশঙ্কর আয়ার বলেন, উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে এখন যে বরাদ্দ দেওয়া হচ্ছে, তা ব্যবহার করার মতো প্রযুক্তি, ব্যবস্থাপনা ও লোকবল ওই অঞ্চলে নেই। কাজেই বাংলাদেশ এ সুযোগ নিতে পারে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিত্তার এবং বিইআই সভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান।