সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘শুধু পাঠ্যপুস্তকে নিজেদের সীমাবদ্ধ রাখা যাবে না। আমি সবাইকে পড়তে বলব, সেটা শুধু ক্লাসের বই না। রবীন্দ্রনাথ, নজরুল, আইনস্টাইন কোনো ডিগ্রিধারী নন৷ কিন্তু তাঁরা অনেক পড়েছেন, অনেক জ্ঞান আহরণ করেছেন। তাঁদের লেখা আমরা ক্লাসে পড়ছি, তাঁদের নিয়ে গবেষণা করছি।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে নীলফামারী সরকারি কলেজ চত্বরে কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে এ নবীনবরণ হয়৷ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপাধ্যক্ষ দিদারুল ইসলাম প্রমুখ।
মন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ছেলেমেয়েদের বইয়ের পাতা গেলানো হচ্ছে ঠিকই, কিন্তু তারা জ্ঞানী হতে পারছে না। আসুন, আমরা সবাই মিলে ভালো কাজ করি৷’ মন্ত্রী বলেন, ‘আমরা নিজেকে গড়তে না পারলে দেশটাকে গড়ব কীভাবে?’