সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ভালোভাবে লেখাপড়া করেও গানবাজনা করা যায়, ভালো খেলোয়াড় হওয়া যায়। জ্ঞানার্জনের জন্য শুধু পাঠ্যবই পড়লে হবে না। নানা রকম বই পড়তে হবে। টেলিভিশন বেশি দেখা যাবে না।
গতকাল বুধবার নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ছাত্রীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এখন বয়স তোমাদের পক্ষে, তোমাদের পরিশ্রম করার শক্তি আছে। বোঝার চেষ্টা করবে, অক্ষর মুখস্থ করতে হবে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক মোস্তাক হাবীব প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ছাত্রী নারীনেত্রী দৌলত জাহান নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত আমিনা বেগম ও সহকারী প্রধান শিক্ষক আবু নাজেম মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী প্রতিবছর বিদ্যালয়টিতে আনুষ্ঠানিকভাবে পালনের প্রস্তাব করেন। প্রয়াত এই দুজন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের মা ও বাবা। উপস্থিত শিক্ষকেরা প্রস্তাবে সমর্থন জানান।