শুধু পাহারা দিয়ে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয়: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পাহারা দেওয়ার মাধ্যমে জঙ্গিবাদকে শতভাগ মোকাবিলা করা সম্ভব নয়। এটি একটি সামগ্রিক লড়াই। সাংস্কৃতিক-কর্মীদের সাধারণ মানুষকে নিয়ে এ লড়াই করে জঙ্গিবাদের বিরুদ্ধে জিততে হবে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি দেখতে এসে মন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি মঙ্গল শোভাযাত্রার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ছায়ানটের সংস্কৃতিকর্মীদের ওপর বোমা হামলার পর অনেকে ভেবেছিল, তারা আর অনুষ্ঠান করতে পারবে না। কিন্তু দেখা গেল এ হামলার পর দ্বিগুণ মানুষ এতে অংশ নিচ্ছে। বইমেলায় অভিজিৎকে হত্যার পর মানুষ অনেক বেড়েছে। তরুণেরা বলছে, হত্যা করে তাঁদের ভয় দেখানো যাবে না। এ অপশক্তিকে পাহারা দিয়ে নয়, সবাইকে সংঘবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।
আসাদুজ্জামান নূর বলেন, পয়লা বৈশাখ উদ্‌যাপনের সঙ্গে ধর্মের কোনো সংঘাত বা সংঘর্ষ নেই। অনেক আগে থেকেই এ দেশে নববর্ষ উদ্‌যাপন হতো। শুধু সময়ের গতিধারায় এর ধরন পাল্টেছে। আগে শুধু অর্থনৈতিক বিষয়গুলো এর সঙ্গে জড়িত ছিল, বিভিন্ন জায়গায় মেলা হতো। কিন্তু পয়লা বৈশাখ ক্রমেই বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা ও বাসনাকে ধারণ করেছে। একই চরিত্র ধারণ করেছে মঙ্গল শোভাযাত্রা। যখনই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিবাদ হয়েছে এর মাধ্যমে। দিন দিন যুদ্ধাপরাধীদের চেহারা ও স্বৈরাচারের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে সবার মঙ্গল কামনা করা হয়েছে। এর সঙ্গে কোনো ধর্মের কোনো আচারের সম্পর্ক নেই। এটি একটি সাংস্কৃতিক আন্দোলন।
প্রদর্শনীর উদ্বোধনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (প্রশাসন) ও পয়লা বৈশাখ উদ্‌যাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক আখতারুজ্জামান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বক্তব্য দেন। প্রদর্শনীতে বিভিন্ন শিল্পীর আঁকা ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এসব শিল্পকর্ম বিক্রির অর্থ মঙ্গল শোভাযাত্রা করার ক্ষেত্রে ব্যয় বহন করা হয়।