শুধু প্রতিবাদ নয়, হবে প্রতিরোধও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের সিআরবি সড়কে পয়লা বৈশাখের দিন স্বেচ্ছাসেবী সংগঠন দ্য ক্র্যাক প্লাটুনের সদস্যরা আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন। মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে কাজ করছে সংগঠনটি l ছবি: সংগৃহীত
নগরের সিআরবি সড়কে পয়লা বৈশাখের দিন স্বেচ্ছাসেবী সংগঠন দ্য ক্র্যাক প্লাটুনের সদস্যরা আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন। মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে কাজ করছে সংগঠনটি l ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখ। সকাল নয়টা। নগরের সিআরবির শিরীষতলায় তখন উৎসবের আমেজ। চলছে বর্ষবরণের গান-নাচ। সেই শিরীষতলা থেকে খানিকটা উত্তরে হল টোয়েন্টি ফোরের সামনে রাস্তার এক পাশে বৃত্তাকারে দাঁড়িয়ে গেলেন ১৫ জন তরুণ-তরুণী। পরনে কালো টি-শার্ট। গলায় পরিচয়পত্র, যেখানে বড় হরফে লেখা ‘দ্য ক্র্যাক প্লাটুন’। শুরু হলো শারীরিক নানা কসরত প্রদর্শন। তবে এই কসরত আলাদা। এতে দেখানো হয় বখাটেদের প্রতিরোধের কৌশল।
দ্য ক্র্যাক প্লাটুন নামের স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করে। এটি ছিল জনসম্মুখে সংগঠনটির দ্বিতীয় প্রদর্শনী। মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে কাজ করছে সংগঠনটি। তারা এই কার্যক্রমের পোশাকি নাম দিয়েছে ‘সেলফ ডিফেন্স ফর গার্লস’।
কালো টি-শার্ট পরা মেয়েরা আত্মরক্ষার কৌশল দেখানো শুরু করার মিনিটখানেকের মধ্যে চারপাশে ভিড় জমে যায় মানুষের। সেই ভিড়ে ছিলেন সব বয়সী মানুষ। সবার দৃষ্টি আটকে ছিল মেয়েদের নানা পরিবেশনায়। কোনো মেয়ে রাস্তাঘাটে চলতে–ফিরতে ইভ টিজিং, শারীরিক বা মানসিক ও যৌন নির্যাতনের মতো অপ্রীতিকর ঘটনার শিকার হলে কীভাবে সাহসের সঙ্গে মোকাবিলা করে নিজেকে রক্ষা করে আসবে, তা প্রদর্শন করে তারা। প্রয়োজনে প্রতিপক্ষকে ঘায়েল করারও কৌশল দেখানো হয়। আধা ঘণ্টা ধরে চলে এই প্রদর্শনী।
বান্ধবীদের নিয়ে জটলায় দাঁড়ানো সাবরিনা জামাল বলেন, মেয়েরা আত্মরক্ষার কৌশল শিখছে জেনে সত্যি খুব ভালো লাগছে। চলতে–ফিরতে মেয়েরা প্রতিনিয়ত নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। নিজেকে রক্ষা করার কৌশল জানা থাকলে চুপচাপ আর সহ্য করতে হবে না।
দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে আত্মরক্ষার কৌশল দেখছিলেন ব্যবসায়ী মোতালেব হোসাইন। বললেন, এই উদ্যোগ প্রশংসনীয়। আমি দেখছি আর অবাক হচ্ছি।
‘সেলফ ডিফেন্স ফর গার্লস’ কার্যক্রমের প্রধান প্রশিক্ষক মোহাম্মদ ইমরান বলেন, চারপাশে আত্মরক্ষার এই বার্তা এভাবে ধীরে ধীরে ছড়িয়ে দিতে পারলে মেয়েরা নিজের তাগিদে অন্যায়ের প্রতিবাদই শুধু নয় বরং প্রতিরোধ করে আসতেও পিছপা হবে না। আমাদের প্রধান উদ্দেশ্য মেয়েদের মধ্যে সচেতনতা তৈরি করা।’