
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জেগে উঠেছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ‘সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ আহ্বান জানিয়ে গতকাল শুক্রবারও বিভিন্ন স্থানে মানববন্ধন করেন তাঁরা।
এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শ্রেণী-পেশার মানুষ উপস্থিত হয়ে সহিংসতার প্রতিবাদ জানান। তাঁরা প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে প্রতিরোধের আহ্বান জানিয়ে রাজনৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা প্রয়োজন বলে বক্তব্য দেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: বেলা ১১টা থেকে নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বন্ধুসভার সভাপতি ফারুক হোসেন। বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সংস্কৃতিকর্মী মনিরা রহমান, বন্ধুসভার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।
দিনাজপুর: দিনাজপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সফিকুল হক, জেলা মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পরিমল চক্রবর্তী, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সুলতান কামাল উদ্দিন, উদীচীর রেজাউর রহমান, সত্য ঘোষ, দিনাজপুর বন্ধুসভার সভাপতি অমিতাভ পাল প্রমুখ।
মেহেরপুর: বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্রথম আলোর জেলা প্রতিনিধি তুহিন আরন্যর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি পল্লব ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেশ চন্দ্র নাথ, শিক্ষাবিদ কবি নুরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক নিশান সাবের প্রমুখ।
ফরিদপুর: বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে সংহতি জানিয়ে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য দেন জগদীশ চন্দ্র ঘোষ, আলতাফ হোসেন, নূর মোহামঞ্চদ, বিপ্লব বালা, নাজনীন হায়দার, আইভী মাসুদ, সৈয়দ মোদাররেছ আলী, অলোক সেন, আবু সুফিয়ান চৌধুরী, পান্না বালা ও জাহিদ হোসেন।
জয়পুরহাট: সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের পাশে মানববন্ধনে ছাত্র-শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, বেসরকারি সংস্থার কর্মীসহ বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।