শুধু প্রতিযোগিতা নয়, গান-আড্ডাও হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে প্রতিযোগীদের সঙ্গে সেলফি তুললেন ক্রিকেটার সাব্বির। আজ বিকেলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ছবিটি তোলা। ছবি: হাসান রাজা।
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে প্রতিযোগীদের সঙ্গে সেলফি তুললেন ক্রিকেটার সাব্বির। আজ বিকেলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ছবিটি তোলা। ছবি: হাসান রাজা।

অনুষ্ঠানের মূল মঞ্চ থেকে নামার পথে ক্রিকেটার সাব্বির রহমানের আবদার, তিনি সবার সঙ্গে একটি সেলফি তুলতে চান। উপস্থাপক সে কথা বলতেই পুরো মিলনায়তন প্রতিযোগীদের চিৎকারে সরগরম হয়ে ওঠে।
মূল প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগ পর্যন্ত এভাবেই পছন্দের তারকাদের কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫ এ অংশগ্রহণকারীরা।
আজ শুক্রবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন অনুষ্ঠানের উদ্বোধন করেন। সকাল সাড়ে দশটা থেকে ৫০ মিনিটের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর পর বেলা ১২টার পর থেকে একে একে মঞ্চে উঠে আসেন ক্রিকেটার সাব্বির রহমান, অভিনেত্রী জয়া আহসান, অপি করিম, ম্যাজিশিয়ান আলী রাজ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নানা প্রশ্নে তারকাদের ভালো লাগা, মন্দ লাগা জেনে নেওয়ার পাশাপাশি তারকাদের জীবনের অভিজ্ঞতার কথাও শোনেন।

শুরুতেই হালের জনপ্রিয় ক্রিকেটার সাব্বির মঞ্চে উঠে আসেন। তাকে দেখেই উল্লাসে ফেটে পড়ে পুরো মিলনায়তন। সাব্বির বাংলা ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাঁদের শ্রদ্ধাভরে মনে রাখার কথা বলেন। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে বলেই হয়তো এক ফাঁকে নিজেদের জন্য শুভকামনা চাইতেও ভুললেন না সাব্বির। ক্রিকেটারেরা যাতে দেশের জন্য ভালো খেলতে পারেন, সে জন্য সবাইকে দোয়া করার কথা বললেন তিনি। তবে মিলনায়তন আবারও উচ্ছ্বাসে ফেটে পড়ে সাব্বির সবার সঙ্গে সেলফি তুলতে চাইলে। মিলনায়তনের সবার সঙ্গে সেলফি তুলে তবেই বিদায় নিলেন তিনি।

এর পর প্রথম আলোর সহকারী সম্পাদক অরুন বসু প্রতিযোগিতার মধ্যে থেকে কয়েকজনকে মঞ্চে ডেকে নেন। তাদের মধ্যে কেউ রবীন্দ্র সংগীত, কেউ নজরুল সংগীত, কেউ লালনের গান গেয়ে মঞ্চ মাতান। এর পরই মঞ্চে উঠে আসেন অভিনেত্রী জয়া আহসান। তাঁর কাছ থেকে প্রতিযোগীরা ‘বাঙালি ভূতের গল্প’ না ‘গেরিলার’ গল্প শুনতে চান জানতে চাইলে সবাই সমস্বরে ‘গেরিলা’ বলে চিৎকার করে ওঠেন। অভিনেত্রী জয়া ওই চলচ্চিত্রে অভিনয়কে তাঁর জীবনের অন্যতম প্রাপ্তি বলে উল্লেখ করেন। এর পর একজন প্রতিযোগী অভিনয়ের পার্শ্বপ্রতিক্রিয়া কী জানতে চাইলে জয়া বলেন, ইতিবাচক-নেতিবাচক সবই শুনতে হয়। তিনি আরও বলেন, ‘আমি পজিটিভ মানুষ। ভালো দিকটাই নেই’। এর পর ম্যাজিশিয়ান আলী রাজ ২০ মিনিটি ধরে বিভিন্ন ম্যাজিক দেখিয়ে মাতিয়ে রাখেন মঞ্চ।

দুপুরের খাবারের বিরতির পর বেলা আড়াইটার দিকে অনুষ্ঠান আবার শুরু হয়। শুরুতেই ব্যান্ড দল জলের গান ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’, ‘বকুল ফুল, বকুল ফুল’ ইত্যাদি কয়েকটি গানে শ্রোতাদের মুগ্ধ করে। এর পর পরই মঞ্চে উঠে আসেন অভিনেত্রী অপি করিম। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অপি নিজের কলেজে এসে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি উপস্থিত সবাইকে একটি গান গেয়ে শোনান।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী ভাষার বিকৃতি রোধে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে, যাবে। তিনি শিক্ষার্থীদের সাফল্যে মা-বাবার অবদানের প্রশংসাও করেন।

এর পর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও সবাইকে অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জানান। বিশেষ করে যারা কক্সবাজার ও বরিশাল থেকে এসেছে তাদের ‘সাহসী’ বলে আখ্যায়িত করেন তিনি। প্রথম আলো সম্পাদক এ প্রতিযোগিতায় সহযোগিতার জন্য এইচএসবিসি ব্যাংককেও ধন্যবাদ জানান। বক্তৃতার একপর্যায়ে তিনি সবাইকে করতালি দিয়ে শিক্ষকদের কৃতজ্ঞতা জানানোর অনুরোধ করলে মিলনায়তনের সকলে হাততালি দিয়ে কৃতজ্ঞতা জানান।

সব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক মনজুর, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুনসহ অন্য অতিথিরা প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন। এবার চারটি বিভাগে মোট ৮০ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।