বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) একটি পূর্ণাঙ্গ অস্থিমজ্জা ইউনিট চালু হবে—বছর খানেক ধরে এমন প্রতিশ্রুতি দিয়ে আসছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার আবারও একই প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শহিদুল্লাহ শিকদার। কিন্তু কবে হবে, সে প্রশ্নের জবাব মেলেনি।
ঢাকা ক্লাবে বাংলাদেশ সোসাইটি অব হেমাটোলজি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অবশ্য শহিদুল্লাহ বলেন, ‘অস্থিমজ্জা প্রতিস্থাপন একটি জটিল কাজ। কিন্তু “চ্যালেঞ্জ” হাতে নিয়ে বিএসএমএমইউ কাজ করবে। শিগগির একটি পূর্ণাঙ্গ ইউনিট চালু হবে। ভিসি স্যারের সাথে আজ সকালেও আমার কথা হয়েছে।’
শিগগির চালুর ঘোষণায় চিকিৎসকেরা করতালি দিতে শুরু করেন। কিন্তু এরপর সহ-উপাচার্য আর কথা বাড়াননি। সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি কিছু জানাতে পারেননি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ১৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছিল। সেটি পাস হয়নি।
ঢাকা মেডিকেল কলেজে অস্থিমজ্জা প্রতিস্থাপন ইউনিট চালুর ব্যাপারে বাংলাদেশ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সহযোগিতা পায়। ওই হাসপাতালে চিকিৎসক ও নার্সরা বছরের ওপর প্রশিক্ষণ নেন। বিএসএমএমইউ এ ধরনের কোনো সহযোগিতার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি পেয়েছে কি না, এমন প্রশ্নে সহ-উপাচার্য বলেন, আলাদা আলাদাভাবে চিকিৎসকেরা গেছেন। প্রস্তাব পাঠালে সহযোগিতাও পাওয়া যাবে।
সেমিনার শেষে বিএসএমএমইউর নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনের কাছ থেকে একটি ঘোষণা চাই। ঘোষণা এলেই আমরা কাজ শুরু করতে পারি। চিকিৎসকেরা রক্ত রোগ বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন, কিন্তু অস্থিমজ্জা প্রতিস্থাপনের কোনো প্রশিক্ষণ পাচ্ছেন না। দেশের একমাত্র চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে এ রোগের চিকিৎসা নেই, এটি দুঃখজনক।’
বাংলাদেশে ব্লাড ক্যানসারসহ রক্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সেমিনারে বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক মো. সালাউদ্দিন শাহ বলেন, বর্তমানে আড়াই কোটি মানুষ বিভিন্ন রক্ত রোগে ভুগছে। প্রতিবছর আট থেকে দশ হাজার মানুষ মারা যায়। প্রতিবছর এক হাজার ২০০ রোগী নতুন করে আক্রান্ত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির সভাপতি মো. সিরাজুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজে স্বল্পপরিসরে অস্থিমজ্জা প্রতিস্থাপন শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে অস্থিমজ্জা প্রতিস্থাপনের ব্যয় বিদেশের তুলনায় দশ ভাগের এক ভাগ হবে।