শুধু প্রশাসনের ওপর নির্ভর করে জঙ্গিবাদ মোকাবিলা করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক ও সামাজিকভাবে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। শুধু প্রশাসনের ওপর নির্ভর করে জঙ্গিবাদ মোকাবিলা করা যাবে না। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে। মৌলবাদী সংগঠনগুলো ইসলামের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিপথে পরিচালিত করতে চাচ্ছে। সবাইকে নিয়ে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা গুলশানের হামলার তীব্র নিন্দা এবং নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সরকারের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে গুলশানে জঙ্গি হামলা চালানো হতে পারে। জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, দেশি-বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য গুলশানে বর্বর ও নৃশংস হামলা চালিয়েছে। এ দেশে অনেক চেষ্টা করেও মৌলবাদী জঙ্গিরা ঘাঁটি করতে পারেনি। এবারও তারা ব্যর্থ হবে।
সমাবেশে অন্য বক্তারা বলেন, জঙ্গিরা শুধু নিরীহ দেশি-বিদেশিদের খুন করেনি, তারা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এই হামলার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি বেণু কুমার দে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক হাসান ফেরদৌস, নিরুপম দাশগুপ্ত প্রমুখ।