শুধু প্রকল্প নিয়ে হাজার হাজার লোককে প্রশিক্ষণ দিলেই পুষ্টি পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন হবে না। স্বল্পমেয়াদি প্রকল্পের সুফল যেন মানুষ বহুদিন ধরে ভোগ করতে পারে, সেদিকে নজর দিতে হবে। গতকাল সোমবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে পুষ্টিবিষয়ক এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। ‘বিভিন্ন মাধ্যমে পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ‘স্ট্রেনদেনিং পার্টনারশিপস, রেজাল্টস অ্যান্ড ইনোভেশনস ইন নিউট্রিশন গ্লোবালি-সিপ্রং/বাংলাদেশ’। এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে ইউএসএআইডির অর্থায়নে। সিপ্রং কর্মকর্তারা বলেন, তাঁরা গত আট মাসে বরিশাল ও খুলনা জেলার দুই হাজার ১০০ জন সরকারি স্বাস্থ্যকর্মী, ৪৯০ জন কৃষি সম্প্রসারণ কর্মী ও ১১০ জন টেকনিক্যাল কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছেন। সিপ্রংয়ের বরিশালের বিভাগীয় স্বাস্থ্য ব্যবস্থাপক ইয়াসির আরাফাত বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা দুই লাখ ৪১ হাজার ২০টি শিশু ও ৬৭ হাজার ৯৬৮ জনকে সেবা দিয়েছেন।ইউনিসেফের পুষ্টি কর্মসূচির প্রধান মোহসীন আলী বলেন, শত শত মানুষকে প্রশিক্ষণ দিলেই বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে না। এই প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কতটা কাজে লাগছে, সেটা দেখার বিষয়। এর আগেও বাংলাদেশে এ জাতীয় বহু প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প শেষ হওয়ার পর দেখা গেছে, মানুষের মধ্যে পুষ্টিবিষয়ক অল্পস্বল্প ধারণা হয়েছে, তারা জ্ঞান কাজে লাগাচ্ছে আরও অল্প জায়গায় এবং পুষ্টি খাতে এর কোনো প্রভাব পড়ছে না। মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভের এ দেশীয় পরিচালক জেবা মাহমুদ বলেন, সিপ্রং প্রকল্পের কর্মকর্তাদের উচিত হবে প্রকল্প শেষ হলেও যেন তথ্যগুলো মনে রাখে ও প্রাত্যহিক জীবনে ব্যবহার করে। জাতীয় পুষ্টিসেবা কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক নাসরীন খান সিপ্রংকে অনুরোধ জানান, তারা যেন মাঠ পর্যায়ে মানুষকে বলে পুষ্টি কর্মসূচিটি সরকারের, এতে অন্যরা সহযোগিতা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি কমিউনিটি ক্লিনিক প্রকল্পের সহকারী পরিচালক বরেণ মণ্ডল পুষ্টিকর খাবার উৎপাদন ও গ্রহণের পাশাপাশি মানুষ যেন নিরাপদ খাবার খায় সে দিকে নজর দেওয়ার আহ্বান জানান সিপ্রংকে।সিপ্রংয়ের এ দেশীয় ব্যবস্থাপক এলিজাবেথ উইলিয়ামস জানান, একজন নারী গর্ভধারণের পর থেকে শিশুর দুই বছর বয়স হওয়া পর্যন্ত কী খাবেন, শিশুকে কী খাওয়াবেন, কী ধরনের খাবার উৎপাদন করবেন—সে বিষয়ে পরামর্শ ও সহায়তা দেওয়া এই প্রকল্পের লক্ষ্য। প্রকল্পটি বাস্তবায়ন করছে জেএসআই রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, সেভ দি চিলড্রেন, দি ম্যানফ গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। গতকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএআইডির স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি ও শিক্ষা কর্মসূচির পরিচালক গ্রেগ অ্যাডামস, বরিশাল-খুলনা বিভাগে কর্মরত স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।