শাশ্বত ভট্টাচার্যের সাক্ষাৎকার
শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে রাষ্ট্রের মূল চেতনা বাঁচিয়ে রাখা সম্ভব নয়
কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার হিন্দুপাড়ায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব নিয়ে প্রথম আলো কথা বলেছে রংপুরের সাংস্কৃতিক সংগঠক, কলেজশিক্ষক ও রবীন্দ্র গবেষক শাশ্বত ভট্টাচার্যের সঙ্গে।
প্রথম আলো:সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি কেন ঘটছে?
শাশ্বত ভট্টাচার্য: এই প্রথম বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ করতে পারল না। এ ঘটনা শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, এ দেশের শুভ বোধসম্পন্ন সবœমানুষের জন্য লজ্জার ও দুঃখের, পাশাপাশি ঘৃণার।
মুক্তিযুদ্ধের চেতনার দেশ বলে আমাদের গর্ব করার জায়গাটি ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে বাংলাদেশে যা সংঘটিত হচ্ছে, তার চিত্র দেখে, সংবাদ পড়ে ঘৃণায়-লজ্জায়-দুঃখে হতবাক হয়ে গেছি। জানি, এর কোনো মূল্য নেই, কিন্তু তারপরও একজন সচেতন মানুষ হিসেবে ভাবতে হয়, কেন বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে। যারা হামলা চালাচ্ছে, তারা প্রতিবার নিজেরাই নিজেদের মতো ইস্যু তৈরি করে নিচ্ছে। একইভাবে ভাঙচুর, জ্বালাও-পোড়াও, লুটতরাজ, ধর্ষণ; যেন একই নাটকের অভিনয় বারবার হয়ে চলেছে।
বিচারহীনতাই কি এর জন্য দায়ী?
শাশ্বত ভট্টাচার্য: ঘটনা ঘটে যাওয়ার পর নিরাপত্তা বাহিনীর অবস্থান, ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থ বিতরণ, ভেঙে ফেলা ঘর তৈরি করে দেওয়া—এসবই ছকে বাঁধা বস্তুগত সমাধান। কিন্তু মনোগত সমাধান দেওয়ার জন্য কোনো প্রচেষ্টাই তো আমরা কখনো লক্ষ করিনি। একটি ঘরকে ঘিরে, একটি বাড়িকে ঘিরে, বাড়ির আসবাব, হাঁড়ি-পাতিল-কৌটা ঘিরে দীর্ঘদিনের যে আবেগ তৈরি হয়, তা তো আর অর্থের সঙ্গে বিনিময়যোগ্য নয়। বিচারহীনতার অন্ধকারের গর্ভে ঢুকিয়ে দিয়ে আক্রান্ত মানুষের অশ্রুমোচনের চেষ্টা পরিহাস ছাড়া আর কিছুই না। এসব ঘটনার বিচার যদি হতো, প্রকৃত দুষ্কৃতকারীরা যদি শাস্তির আওতায় আসত, তাহলে এসব ঘটনা কিছুটা হলেও কমত।
রংপুরের পীরগঞ্জের হামলা-সহিংসতার ঘটনা কীভাবে দেখছেন?
শাশ্বত ভট্টাচার্য: ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জে যে ঘটনা ঘটেছে এবং যে কারণ দেখিয়ে এই হামলা হয়েছে; ঠিক একইভাবে কয়েক বছর আগে রংপুরের ঠাকুরপাড়ায় হামলা হয়েছিল। একই কায়দায় যখন এই রংপুরেই আরেকটি স্থানে হামলা হয়, তখন আমাদের উদ্বেগ বাড়ে। ভাবতে হয় এর শেষ কোথায়, কী আছে শেষে? এভাবে চললে নিশ্চয়ই আমরা অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পারব না। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা মনে করে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রই আমাদের মূল ভাবনা; তারা নিশ্চয়ই বাংলাদেশের মাটিতে একটি গোষ্ঠীর উগ্র আস্ফালন কোনোভাবে মেনে নিতে পারবে না। সাংস্কৃতিক সংগঠনের লোকজনকে, সুধী সমাজের শুভ বোধসম্পন্ন লোকজনকে এগিয়ে আসতে হবে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষের মনোজাগতিক উন্নয়ন করা না গেলে শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে একটি রাষ্ট্রের মূল চেতনাকে বাঁচিয়ে রাখা এবং টেকসই করা সম্ভব নয়।