রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেছেন, শুধু বাজেট বরাদ্দের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বাজেট বরাদ্দের ব্যয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা বেশি গুরুত্বপূর্ণ।
আসন্ন বাজেট সামনে রেখে গতকাল শনিবার রাজধানীর ইস্কাটনে ‘ঢাকা স্কুল অব ইকোনমিকস’ ও ‘আমার অধিকার ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষাসচিব মেজবাহ উল আলম বলেন, শিক্ষকদের বেতন-ভাতা কম বলে সেই অজুহাতে তাঁরা যেন শিক্ষার্থীদের যথাযথ শিক্ষাদান থেকে বঞ্চিত না করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ব্যাংকার খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, শুধু শিক্ষকের সংখ্যা বাড়ালেই চলবে না, সেই সঙ্গে মান ধরে রাখতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের অধিকারের পাশাপাশি তাঁদের দায়িত্ব নিয়েও কথা বলতে হবে।
অতিথি প্রতিমা পাল মজুমদার বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারীবান্ধব পরিবেশ নেই। বাজেটে মেয়েদের শারীরিক শিক্ষার ওপর বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অর্থনীতিবিদ খলীকুজ্জমান আহমদ বলেন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি-২০১০ একটি যুগোপযোগী পদক্ষেপ। কিন্তু এই শিক্ষানীতি বাস্তবায়নে পর্যাপ্ত বরাদ্দ নেই।
বক্তারা আরও বলেন, জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রাথমিক শিক্ষার স্তর প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার কথা বলা হয়েছে। এ ছাড়া প্রাক্-প্রাথমিক শ্রেণিও চালু করা হয়েছে। সে হিসেবে প্রাথমিক শিক্ষার শ্রেণি বাড়ছে চারটি। ২০১৩ সাল থেকে বিদ্যমান প্রাথমিক বিদ্যালয়ে ক্রমান্বয়ে অষ্টম শ্রেণি চালুও করা হয়েছে। এর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু শিক্ষানীতি বাস্তবায়ন শুরুর পরও প্রাথমিক ও গণশিক্ষার জন্য আনুপাতিক হারে বাজেট বরাদ্দের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
‘আমার অধিকার ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন সিরাজুদ দাহার খানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সাবেক মহাপরিচালক শেখ ইকরামুল কবির।