গণশুনানিতে বিদ্যুতের দাম ছাড়াও সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, ন্যূনতম বিল ইত্যাদিও বাড়ানোর দাবি করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। সংস্থাটি অর্থাভাবকে কারণ দেখিয়ে বলেছে, তাদের গ্রাহকসেবার মান নিম্নমুখী।
গতকাল বৃহস্পতিবার সকালে এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) অনুষ্ঠিত শুনানিতে বিআরইবির একজন গ্রাহক সংস্থাটির সেবার মান, বিভিন্ন সেবার দাম, এমনকি বিদ্যুতের বিল নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ করেন।
শুনানিতে অংশ নিয়ে বিআরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেন, ৭২টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৬০টির গ্রাহকই সম্পূর্ণ আবাসিক ও কৃষিনির্ভর। এগুলো আর্থিকভাবে দুর্বল হচ্ছে। প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে বিতরণ অবকাঠামো উন্নত করা যাচ্ছে না। অর্থাভাবে স্বাভাবিক রক্ষণাবেক্ষণও দুরূহ হয়ে পড়েছে। প্রয়োজনীয় আঞ্চলিক কার্যালয় ও অভিযোগকেন্দ্র স্থাপন করা যাচ্ছে না। ফলে গ্রাহকসেবার মান দুর্বল হচ্ছে।
শুনানিতে বিআরইবির একজন গ্রাহক তাঁদের ক্ষোভ ও দুর্ভোগের কথা জানান। তিনি বলেন, সংযোগ নিতে হলে প্রতি কিলোওয়াটের জন্য সাড়ে ছয় হাজার টাকা জমা দিতে হয়। অথচ পিডিবির সংযোগ নিতে প্রতি কিলোওয়াটের জন্য ৬০০ টাকা লাগে। পিডিবিতে ৪০ কিলোওয়াটের জন্য ডিমান্ড চার্জ দিতে হয় না। ওভারলোডের কারণে ট্রান্সফরমার বদল করতেও টাকা দিতে হয় গ্রাহকদের। তার ওপর আছে ‘পারিতোষিক’।
বিইআরসিতে দেওয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রস্তাবে বিদ্যুতের দাম ১২ দশমিক ৫৮ শতাংশ বাড়ানোর দাবি করা হয়। এ ছাড়া ন্যূনতম বিল বর্তমানের ৬৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা, সার্ভিস চার্জ ১০ টাকার জায়গায় ২৫ টাকা ও ডিমান্ড চার্জ ১৫ টাকার জায়গায় ২০ টাকা করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
বিইআরসির কারিগরি মূল্যায়ন দল প্রস্তাবটি পর্যালোচনা করে দাম ৩ দশমিক ৪৮ শতাংশ বাড়ানো যৌক্তিক বলে মত দিয়েছে।
এ ছাড়া বিআরইবি আবাসিক গ্রাহকদের সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহার বর্তমানের ১৭ ইউনিটের স্থলে ৩০ ইউনিট করার প্রস্তাব দিয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নূরুল ইসলাম এই প্রস্তাব সমর্থন করেছেন। তিনি আগেই এ রকম একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন।
বিইআরবি সর্বনিম্ন ধাপের আবাসিক গ্রাহকদের (সর্বোচ্চ ৭৫ ইউনিট ব্যবহারকারী) জন্য সমিতিভেদে প্রতি ইউনিটে ১২ থেকে ৫৯ পয়সা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর পরের ধাপের জন্য প্রতি ইউনিটে ৩৭ থেকে ৯৫ পয়সা, তার পরের ধাপের জন্য প্রতি ইউনিটে ৭১ পয়সা থেকে এক টাকা ৩৮ পয়সা; ৪০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিটে ২০ থেকে ৬৮ পয়সা; ৬০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটে ৩৮ থেকে ৮৮ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটে ৫২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
বিইআরবির গ্রাহকসংখ্যা এখন প্রায় এক কোটি। এর মধ্যে প্রায় ১০ লাখ গ্রাহক ন্যূনতম বিল দেওয়ার পর্যায়ের।
এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে গতকালও সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য ইত্যাদি দল ও সংগঠন বক্তব্য দিয়েছে। শুনানি চলার সময় বিইআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বাম মোর্চা।
গতকাল বিআরইবির প্রস্তাবের ওপর শুনানির মধ্য দিয়ে পাঁচটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রস্তাব নিয়ে গণশুনানি শেষ হয়েছে। বিইআরসি আইন ২০০৩ অনুযায়ী এই শুনানির ভিত্তিতে আগামী ৯০ দিনের মধ্যে কমিশনের আদেশ বা সিদ্ধান্ত ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। তবে সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, আগামী এক সপ্তাহের মধ্যেই এই আদেশ ঘোষণা করা হতে পারে। কোম্পানিভেদে বিদ্যুতের দাম ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। দাম বাড়ানোর সিদ্ধান্ত ১ মার্চ থেকেই কার্যকর হবে। অর্থাৎ চলতি মাসে ব্যবহূত বিদ্যুতের দাম বর্ধিত হারে পরিশোধ করতে হবে।