ঈদের আগে বেতন-বোনাস নিয়ে ঝামেলা হতে পারে চট্টগ্রামে এ রকম ৭০টি পোশাক কারখানার তালিকা করেছিল শিল্প পুলিশ। এসব কারখানায় যাতে শ্রমিক অসন্তোষ তৈরি না হয় সে জন্য বিশেষ প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু গত কয়েক দিনে অপেক্ষাকৃত ভালো কারখানাতেও শ্রমিক অস্থিরতার ঘটনা ঘটছে। এ জন্য শ্রমিকেরা দায়ী করছেন কারখানার কর্মকর্তাদের দুর্ব্যবহার, অব্যবস্থাপনা এবং সরকারঘোষিত সময়ের মধ্যে বেতন না দেওয়াকে।
তবে কারখানামালিকেরা বলেন যে প্রতিবছর ঈদের আগে কোনো না কোনো অজুহাতে কিছু প্রতিষ্ঠানে সমস্যা হয়। এর পেছনে বেতনসংক্রান্ত দাবির চেয়ে অন্য কারণই বেশি, যার মধ্যে শ্রমিকদের ইন্ধন কিংবা উসকানিকেই তাঁরা প্রধান বলে দাবি করেন। ছুটি নিয়ে সমস্যা হচ্ছে কোথাও। এ ছাড়া কারখানার মধ্যম সারির ব্যবস্থাপনাগত দুর্বলতাকেও দুষছেন তাঁরা।
শিল্প পুলিশ সূত্র জানায়, গত শনিবার সিজার অ্যাপারেলস এক্সটেনশন নামের পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে বায়েজিদ সড়ক অবরোধ করেন। এর আগে ২ জুলাই গ্লোরি ইন্ডাস্ট্রিজের শ্রমিকেরা ওভারটাইম দাবি ও কর্মকর্তাদের দুর্ব্যবহারের প্রতিবাদে একই সড়ক অবরোধ করেন। গতকাল রোববারও এই কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ ছাড়া চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) ইয়ংওয়ানের একটি ইউনিটে (ওয়াইসিএল) ঈদের ছুটিসংক্রান্ত বিষয় নিয়ে শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। শ্রমিকেরা ঈদে আট দিনের ছুটি দাবি করেন। কর্তৃপক্ষ পাঁচ দিন দিতে চাওয়াতেই এই অসন্তোষের সৃষ্টি হয়। এর আগের দিন কোরিয়ান ইপিজেডে ছুটি নিয়ে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন।
জানতে চাইলে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে বলেন, নির্ধারিত সময়ে বেতন না দেওয়ায় কিছু কারখানায় সমস্যা হচ্ছে। আর কিছু কারখানায় ব্যবস্থাপনা সমস্যার কারণে ঝামেলা হচ্ছে। শ্রমিকদের উসকানির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিজিএমইএ তাদের দুর্বলতা ঢাকার জন্যই এসব অভিযোগ করে। এটি ঠিক নয়।
জানতে চাইলে শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বলেন, ‘সবকিছু বিবেচনা করে আমরা ৭০টি কারখানার তালিকা করে বাড়তি নজর রাখছিলাম। এসব গার্মেন্টসের বেতনসংক্রান্ত সমস্যা সমাধানে আমরা সচেষ্ট। কিন্তু এর মধ্যে কিছু ভালো কারখানায়ও সমস্যা দেখা দিয়েছে।’
চট্টগ্রামে প্রায় এক হাজার পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে বিজিএমইএ চট্টগ্রামের সদস্যভুক্ত ৭৭২টি থাকলেও চালু আছে প্রায় সাড়ে পাঁচ শ।
ঈদের আগে শ্রমিক অস্থিরতার বিষয়ে শিল্প পুলিশ চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহমেদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘যারা বেতন নিয়মিত দেয়, সেসব প্রতিষ্ঠানেও ঝামেলা দেখা দিচ্ছে। প্রতিদিন দু-একটি ঘটনা ঘটছে। কোনোটা বেশি বিস্ফোরিত হচ্ছে। এবার ১০ জুলাইয়ের মধ্যে বেতন দিতে বলার কারণে মালিকদের জন্য একটু চাপ হয়তো হয়েছে। এ জন্য একদিন দেরি হলেই অনেক প্রতিষ্ঠানের শ্রমিকেরা ঝামেলা করতে চাচ্ছে। আবার কোনোটাতে ছুটিসংক্রান্ত ঝামেলা হচ্ছে।’
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরীর দাবি চট্টগ্রামে এখন যেসব প্রতিষ্ঠানে সমস্যা হচ্ছে সেগুলো উসকানির কারণে হচ্ছে। তথাকথিত কিছু শ্রমিক নেতা এই উসকানির মূলে রয়েছেন। বেতনসংক্রান্ত ঝামেলা এসব প্রতিষ্ঠানে নেই। তিনি বলেন, বেতন প্রদানে সময় বেঁধে দেওয়ার প্রকাশ্যে ঘোষণায় কিছুটা সমস্যা হচ্ছে। এটির আবার ভালো দিকও রয়েছে। তবে এভাবে ঘোষণা না দিয়ে বিজিএমইকে কঠোর নির্দেশ দিলে ভালো হতো।
বিজিএমইএর প্রথম সহসভাপতি বলেন, কারখানার মধ্যম সারির ব্যবস্থাপনার কারণেও মাঝেমধ্যে অস্থিরতা হয়। সুপারভাইজার বা মধ্যম শ্রেণির কর্মকর্তাদের প্রশিক্ষণও জরুরি।|