শুধু ব্যাগের অভাবে যন্ত্র অচল ১৫ বছর

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে জীবনরক্ষাকারী ‘সেলফ সেপারেটর’ যন্ত্রটি ১৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। প্রায় ৩১ লাখ টাকা দামের এ যন্ত্রটি শুধু ব্যাগের অভাবে সরবরাহ করার পর থেকেই ফেলে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তের উপাদান পৃথক করার জন্য ২০০১ সালের ২২ জানুয়ারি যন্ত্রটি হাসপাতালের ভান্ডারে সরবরাহ করা হয়। তিন দিন পর ২৫ জানুয়ারি যন্ত্রটি হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে স্থানান্তর করা হয়। সরবরাহকারী কোম্পানি নমুনাস্বরূপ যন্ত্রের সঙ্গে যে কয়েকটি ব্যাগ দিয়েছিল, সেই কয়টি ব্যাগ শেষ হওয়ার পর থেকেই যন্ত্রটি পড়ে আছে।
রক্তের উপাদান পৃথক করে সংরক্ষণ করার জন্য এই ব্যাগ ব্যবহার করা হয়। তবে এই ব্যাগ এমনভাবে বানানো হয়, যাতে এর ভেতর রক্ত জমাট বাঁধতে পারে না। রক্ত পরিবহনের জন্য সাধারণত যে ব্যাগ ব্যবহার করা হয়, তাতে রক্তের পৃথক করা এই উপাদান রাখলে তা সঙ্গে সঙ্গে জমে যাবে। কিন্তু এই বিশেষ ব্যাগ রক্ত জমাট বাঁধতে দেয় না। এর ধারণক্ষমতা সাধারণত ২৫০ এমএল হয়। যেখানে সাধারণ ব্যাগের ধারণক্ষমতা ৪৫০ এমএল।
মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মাইন উদ্দীন আহামাদ জানান, এটি জীবনরক্ষাকারী একটি যন্ত্র। এ যন্ত্রের মাধ্যমে রক্তের উপাদান পৃথক করা হয়। তিনি বলেন, মানুষের রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ‘প্ল্যাটিলেট’। এই উপাদান রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ক্যানসার বা ডেঙ্গুজ্বরের মতো রোগে আক্রান্ত রোগীদের রক্তে এই উপাদান কমে যায়। এ জন্য তাদের ‘ব্লিডিং’ হয়। তখন তাদের জীবন বাঁচাতে রক্তের এই উপাদান সরবরাহ করা হয়। এই যন্ত্রের মাধ্যমে রক্তের ওই গুরুত্বপূর্ণ উপাদান বের করা হয়। এখন হাসপাতালে অন্য একটি যন্ত্র দিয়ে কোনো রকমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।
হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান মোসাদ্দেক হোসেন বলেন, বর্তমানে যে যন্ত্র দিয়ে তাঁরা কাজ করছেন তা দিয়ে রক্তের তিন-চার রকম উপাদান নির্ণয় করা যায়। কিন্তু ‘সেলফ সেপারেটর’ যন্ত্রটি দিয়ে ছয় থেকে আট রকম উপাদান নির্ণয় করা সম্ভব। সরকার থেকে ব্যাগ সরবরাহ না করার কারণে এই যন্ত্রটি কাজে লাগানো যাচ্ছে না। ব্যাগের দামও অনেক বেশি। আবার স্থানীয়ভাবে এই ব্যাগ কিনতেও পাওয়া যায় না। তিনি বলেন, এত দিন ধরে পড়ে থাকায় যন্ত্রটি আর কাজ করবে কি না, তা তাঁরা নিশ্চিত না।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, এত দিন পরে তাঁদের এখন নিশ্চিত হতে হবে, যন্ত্রটি সচল আছে কি না। এ জন্য তাঁরা গত ডিসেম্বরে স্বাস্থ্য মহাপরিচালকের দপ্তরে চিঠি দিয়েছেন। এখনো তার কোনো জবাব পাওয়া যায়নি।