শুধু ভবনই আছে, আর কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুরের রসুলবাগে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের একটি ভবন রয়েছে। কিন্তু এলাকাবাসী সেখান থেকে কোনো চিকিৎসাসেবা পান না। নির্মাণের প্রায় এক যুগ পেরিয়ে গেলেও এই স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রমই শুরু হয়নি। কবে হবে তা-ও কেউ জানেন না।
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের ‘রংধনু’ চিহ্নিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’ নামে পরিচিত। স্থানীয় সরকার বিভাগের অধীনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি ও ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের অর্থায়নে ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে এ প্রকল্পের কাজ শুরু হয়। ২০০৫ সালে শুরু হওয়া দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় রসুলবাগ পার্কের ভেতর নগর স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি তৈরি হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এ ভবনের কার্যক্রম শুরু হয়নি।
এ বিষয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের প্রোগ্রাম অফিসার (প্রকল্প বাস্তবায়ন ইউনিট) সানজিদা ইসলাম বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৩১টিতে তাঁরা এ প্রকল্পের আওতায় সেবা দিচ্ছেন। আর বাকি ওয়ার্ডগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক সেবা দান করে। রসুলবাগ এলাকায় (ওয়ার্ড-২৬) আগে থেকেই সূর্যের হাসি ক্লিনিকের কার্যক্রম ছিল বলে তাঁরা আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের স্থাপনাটিতে কার্যক্রম শুরু করতে পারেননি।
এ ক্ষেত্রে সেই এলাকায় প্রকল্পের ভবন নির্মাণ হলো কেন, তা জানতে চাইলে সানজিদা ইসলাম বলেন, ‘যখন নির্মাণকাজ শুরু তখন রংধনু ক্লিনিক আর সূর্যের হাসি ক্লিনিকের মধ্যে ওয়ার্ড ভাগাভাগি হয়নি।’ তবে কার্যক্রম না থাকলেও প্রকল্পের অর্থায়নেই ভবনটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ব্যয় নির্বাহ হয় বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একজন প্রবীণ বাসিন্দা বলেন, লোকজন থাকে না বলে বিকেলের পর ভবনের বারান্দায় ও পেছনে মাদকের আড্ডা বসে।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দীন বলেন, ভবনটি সিটি করপোরেশনের সম্পত্তি। তবে এই স্থাপনায় সিটি করপোরেশন থেকে কোনো স্বাস্থ্যসেবা কার্যক্রম আর শুরু করা হচ্ছে না। স্থাপনাটি এখন সম্পত্তি বিভাগের নিয়ন্ত্রণে।
প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ফাইল প্রসিডিং শুরু করব। দেখি ভবনটিকে কীভাবে কাজে লাগানো যায়।’