শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার অঙ্গীকার
শুধু ভালো ফল নয়, সত্যিকারের ভালো মানুষ হওয়ার অঙ্গীকার করেছে মাগুরার কৃতী শিক্ষার্থীরা। গতকাল সোমবার দেশের ছয়টি স্থানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন গতকাল ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাগুরা ও রাজশাহীতে অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ব্রাহ্মণবাড়িয়াদুর্নীতিকে ‘না’, নারীর প্রতি সহনশীল, মাদক, ইভ টিজিং ও সব মন্দ কাজকে ‘না’ বলে এবং দেশের প্রতি অনুগত থাকতে দুই হাত উঁচু করে শপথ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৭০০ কৃতী শিক্ষার্থী। বেলা ১১টায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মেহেদী মাসুদ স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক সাব্বির রশিদ, সুজনের সভাপতি মুখলেছুর রহমান খান, অধ্যক্ষ আবদুল লতিফ, শিক্ষক ফরিদা নাজনিম, নাঈমা জান্নাত, মো. আইয়ুব খান, কাজি মো. ওয়াজেদ উল্লাহ জসীম, নূর মোহাম্মদ জমাদ্দার, শিক্ষার্থী সাকিল আহমেদ, আঁখি সুলতানা, বন্ধুসভার বিবর্ধন রায় প্রমুখ। প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়ালিদ সিকদার আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা শেষে ক্লোজআপ ওয়ান তারকা পুলক ও বন্ধুসভার বন্ধুরা গান গেয়ে শোনান।ভালো ফলের স্বীকৃতিস্বরূপ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মডেল বালিকা উচ্চবিদ্যালয় ও আশুগঞ্জ সারকারখানা স্কুল অ্যান্ড কলেজকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।মুন্সিগঞ্জবাংলাদেশের প্রথম হিমালয় পর্বতারোহী মুসা ইব্রাহীম বলেন, ‘একটা মানুষ যদি হিমালয়ের চূড়ায় উঠতে পারে, তাহলে আমি উঠতে পারব। এমন লক্ষ্য ছিল আমার। ঢাকা শহরে যদি কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়, দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো শিক্ষার্থীও জিপিএ-৫ পেতে পারে। যদি তাদের লক্ষ্য অটুট থাকে।’মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শিক্ষার্থীদের উদ্দেশে মুসা ইব্রাহীম এ কথা বলেন। জেলার ৩৫০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি তানভীর হাসান। সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী বলেন, ‘জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা তাদের উত্তরসূরিদের এই ফল পাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে পারে।’আরও বক্তব্য দেন কলেজশিক্ষক মেজর মো. ইয়ার মোরশেদ আলম, শিক্ষা কর্মকর্তা মো. শামসুল ইসলাম খান, অধ্যাপক দেলোয়ার হোসেন, রবির কর্মকর্তা মো. শাহজালাল, কৃতী শিক্ষার্থী খুকু মণি, ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে গান ও নৃত্য। গান ও নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। জেলার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এ ভি জে এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ক্রেস্ট পায়।নরসিংদীজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকালে মাদক ও ইভ টিজিং কে ‘না’ ঘোষণা দিল নরসিংদীর প্রায় ৯০০ শিক্ষার্থী। এ সময় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। বক্তব্য দেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, মাকসুদা আক্তার, বিপ্লব বালা, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু, শিক্ষার্থী ফাতেমা জাহান প্রমুখ।আবু বকর সিদ্দিক বলেন, কৃতীদের সমাজ ও রাষ্ট্র গঠনেও কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অরুণ বসু বলেন, ‘মেধাবীদের স্বীকৃতি দেওয়া একটি বড় কাজ। আগামী দিনের ভালো কিছুর আশায় মেধাবীদের সংবর্ধিত করা হচ্ছে। পরবর্তী সময়ে দেশের জন্য ভালো কিছু করবে—এমনটাই আমাদের আশা।’ বক্তব্যের ফাঁকে ফাঁকে আবৃত্তি ও কৌতুক করে শোনান কৃতী শিক্ষার্থী সুরভী আক্তার ও সাদিয়া আক্তার।পরে সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চবিদ্যালয়, নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জনতা আদর্শ উচ্চ বিদ্যাপীঠকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন সংগীতশিল্পী মেহ্রীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার বন্ধু জহির মৃধা ও উম্মে কুলসুম।গোপালগঞ্জ ‘আজ বাবাকে বড় দেখতে ইচ্ছা করছে। এখানে অনেকের সঙ্গে তাদের বাবা এসেছে। আমি কোনো দিন বাবাকে দেখিনি। আমার জন্মের আগে তিনি মারা যান। মা কাজ করেন। আমিও মায়ের সঙ্গে কাজ করে পড়াশোনা করি।’ এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে জিপিএ-৫ পাওয়া মাসুবা আকতার। গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ মিলনায়তনে জেলার ২৭৩ জনের বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। সরকারি বীণাপাণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউন্নাহার বলেন, শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হয়ে দেশের কাজে লাগতে হবে। আরও বক্তব্য দেন শিক্ষক জীতেন্দ্র নাথ, শুকদেব ভক্ত, লতিফা জামাল চৌধুরী, মো. জাকির হুসাইন ও জুলকার নাঈম সুলতান আলম, প্রথম আলোর সহ-সম্পাদক ফেরদৌস ফয়সাল, শিক্ষার্থী আশরাফুল আলম, রবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন। জেলায় সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এস এম মডেল সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বীণাপাণি বালিকা বিদ্যালয় ও গোপালগঞ্জ মহিলা আলিয়া মাদ্রাসা এই সম্মাননা পায়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন।মাগুরামাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে সম্পন্ন হয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। সকাল নয়টায় ওই অনুষ্ঠানে প্রায় সাড়ে ৫০০ শিক্ষার্থী উপস্থিত হয়। সকাল ১০টার দিকে ‘আলোকের ওই ঝরনা ধারায়’ গানের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য হয়। প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন। মঞ্চে আসে কৃতী ছাত্র বাশারুল ইসলাম। বাশারুল বলে, ‘দরিদ্র বাবা আমাকে পড়াতে চাননি। তাঁর সামর্থ্যও ছিল না। বারবার পড়ালেখা বন্ধ হয়েছে। শিক্ষক ও সহপাঠীরা আমাকে স্কুলে ফিরিয়ে আনে। সব খরচ বহন করে। পরীক্ষার পর জোন (শ্রমবিক্রি) বিক্রি করতে পাশের জেলা নড়াইলে গিয়েছিলাম।’আরেক দরিদ্র কৃতী ছাত্রী লাবণী অধিকারী বলে, ‘মায়ের সঙ্গে পাটি তৈরি করতাম। অবসরে পড়ালেখা। এসএসসির ফরম পূরণের টাকা জোগাতে মা এলাকার একজন ব্যক্তির কাছ থেকে চড়া সুদে টাকা ঋণ নিয়েছিলেন। আমি প্রকৃত মানুষ হব।’জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে অভিনন্দন-স্মারক দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা জাহান, সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীপতি রায় ও মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম মাহফুজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে অতিথিরা কৃতীদের হাতে ক্রেস্ট তুলে দেন। রবির আঞ্চলিক ব্যবস্থাপক রায়হান করিম বলেন, ‘রবি যেমন আপন আলোয় সবাইকে আলোকিত করে, তোমরাও ঠিক সে রকম আলোকিত মানুষ হয়ে সবাইকে আলোকিত করবে।’ আরও বক্তব্য দেন মমতাজ বেগম, শিক্ষক হাবিবুল হাসান, শিক্ষাবিদ মো. মফুজার রহমান কৃতীদের মাদক ও ইভ টিজিংকে ‘না’ এবং নিজেকে সত্যিকারের ভালো, কল্যাণকামী ও মানবদরদি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শপথ করান। কৃতী শিক্ষার্থীরা দাঁড়িয়ে ওই শপথ করে। সবশেষে কৃতী শিক্ষার্থী, বন্ধুসভার সদস্য ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নৃত্য পরিবেশন করেন মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীরা। যশোরের নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক আবদুর রাজ্জাক ও মাগুরা নৃত্যশিল্পী ও শিক্ষক ছন্দা পাল একটি বিশেষ নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক আলিমুজ্জামান উজ্জ্বল।