শুধু মুক্তিযুদ্ধের সপক্ষের দলের নেতা ও সাংসদেরা আমন্ত্রিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি বন্ধুদের সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সপক্ষের সব রাজনৈতিক দল, দলের শীর্ষ নেতা এবং সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জামায়াতে ইসলামী এবং এর দুই সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি। গতকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। দীপু মনি বলেন, ‘এটি একটি জাতীয় অনুষ্ঠান। এটিকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। তাই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ অন্যান্য দলের নেতা এবং সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যতদূর জেনেছি, জামায়াতে ইসলামী এবং সংসদে প্রতিনিধিত্বকারী তাদের দুই সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি।’পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৭ মার্চ সকাল নয়টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সম্মাননা অনুষ্ঠান শুরু হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথিদের হাতে সম্মাননা তুলে দেবেন। ৭৫ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্মাননা গ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছেন। এর মধ্যে গতকাল বিকেল পর্যন্ত ৩২ জন ঢাকায় এসে পৌঁছেছেন। ২১ জন বিশিষ্ট ব্যক্তিত্ব সশরীরে সম্মাননা গ্রহণ করবেন। ৫৪ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা নেবেন তাঁদের প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ-সংক্রান্ত জাতীয় কমিটি দুই বছর পরিশ্রম করে মুক্তিযুদ্ধের বন্ধুদের তালিকা তৈরি করেছে। এখনো তথ্য সংগ্রহের কাজ চলছে। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের বন্ধু কোনো ব্যক্তিকে পাওয়া গেলে দেশে এনে অথবা দূতাবাসের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে। মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৫৬০ জনের তালিকা তৈরি করা হয়। বাছাই করে ১৩২ জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ১১০ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়। কারণ, ৪০ বছরে অনেকেই মারা গেছেন অথবা ঠিকানা পরিবর্তন করেছেন। বাদ পড়াদের মধ্যে কয়েকজন পাকিস্তানি নাগরিকও আছেন। ভবিষ্যতে তাঁদের সম্মাননা দেওয়া হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কেন আমন্ত্রণ জানানো হয়েছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ’৭১-এ তিনি যুবনেতা ছিলেন। ত্রিপুরাবাসীর প্রতি সম্মাননা জানাতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সামরিক প্রশিক্ষণ ও আশ্রয়ের জন্য পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) বহু মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় গিয়েছিলেন।নিরাপত্তাব্যবস্থা বিষয়ে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধের বিচার চলছে। তাই ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে অতিথিরা বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা নিয়ে যেতে পারেন।যে ২১ জন সরাসরি সম্মাননা নেবেন তাঁদের মধ্যে রয়েছেন ভারতের লেফটেন্যান্ট জেনারেল (অব.) জ্যাক জ্যাকব, রাশিয়ার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল সের্গেই পাভলোভিচ জুয়েনকোর দল, যুক্তরাষ্ট্রের লিয়ার লেভিন, ফাদার রিচার্ড উইলিয়াম টিম, যুক্তরাজ্যের মাইকেল বার্নস, সায়মন ড্রিং, জুলিয়ান ফ্রান্সিস, বিমান মল্লিক প্রমুখ।