শুধু মুনাফার জন্য যারা ক্ষুদ্রঋণ দেয় তারা ‘লগ্নিকারী হাঙর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যেসব প্রতিষ্ঠান প্রান্তিক লোকদের ঋণ দেয়, তাদের ক্ষুদ্রঋণদাতা বলা ঠিক হবে না। প্রকৃতপক্ষে তারা ‘লগ্নিকারী-হাঙর’। ভারতের মুম্বাই শহরে ওকহার্ড ফাউন্ডেশন আয়োজিত একটি বৈঠকে যোগদানের পর গত শনিবার রাতে বার্তা সংস্থা পিটিআইকে তিনি এ কথা বলেন। খবর এএফপির।মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনাদের যদি বাণিজ্যিক উদ্দেশ্য থাকে, তাহলে দয়া করে অন্য একটি নাম (‘ক্ষুদ্রঋণদাতা’র বদলে) পছন্দ করুন। প্রকৃত ক্ষুদ্রঋণদাতারা কখনোই বাণিজ্যমনস্ক হয় না। গ্রামীণ ব্যাংক এবং আমার সব উদ্যোগ বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং সামাজিক ব্যবসার উদ্দেশ্যে পরিচালিত হয়।’ড. ইউনূস বলেন, যারা বাণিজ্যিক উদ্দেশ্যে ক্ষুদ্রঋণ দেয়, তাদের ‘ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান’ নামে ডাকা বন্ধ করে দিলেই প্রকৃত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান উপকৃত হবে। তিনি বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। যে মুহূর্তে তারা মুনাফা খোঁজা শুরু করবে, সে মুহূর্তে তারা ‘লগ্নিকারী হাঙরে’ পরিণত হবে।ইউনূস এ সময় গরিব শ্রেণীর মধ্যে ঋণ সরবরাহকারী ভারতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান এসকেএসের সমালোচনা করেন।