ভোটের আগেই চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত মোট ১২টি ওয়ার্ডের সব কটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। ৩০ ডিসেম্বর রাউজানে শুধু মেয়র পদে নির্বাচন হবে। মেয়র পদপ্রার্থীরা প্রচারণা চালালেও কাউন্সিলর পদে ভোট না হওয়ায় নির্বাচনের ‘জমজমাট’ পরিবেশ রাউজানে সেভাবে নেই। প্রচার-প্রচারণা উৎসবেও ভাটার টান।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জোবায়ের আলম প্রথম আলোকে বলেন, কাউন্সিলর পদে ভোট হলে আরও জমজমাট হতো। ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির-সমর্থক এক ভোটার বলেন, ‘বিএনপির কাউন্সিলররা নির্বাচনে দাঁড়ালে ভালো হতো। কিন্তু শুনছি উনারা ভয়ে কেউ আসেন নাই।’
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গিয়াসউদ্দিন অবশ্য ভোটের আমেজে কমতি দেখছেন না। তিনি বলেন, ‘মেয়র পদপ্রার্থীরা আসছেন, তাতেই আমাদের ভালো লাগছে।’
রাউজানে এবার মেয়র পদে নির্বাচন করছেন চার প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিত, ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন বিএনপির প্রার্থী কাজী আবদুল্লাহ আল হাছান। এ ছাড়া জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরীর ছেলে সাইফুল ইসলাম চৌধুরী। এর বাইরে মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ মনসুর আলম।
চট্টগ্রামে নির্বাচন হতে যাওয়া ১০ পৌরসভার মধ্যে রাউজানই একমাত্র ব্যতিক্রম, যেখানে সব কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বিএনপি কেন প্রার্থী দিতে পারেনি তা জানতে চাইলে মেয়র পদপ্রার্থী কাজী আবদুল্লাহ আল হাছানের দাবি, ‘ক্ষমতাসীন দল রাউজানে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। কাউন্সিলর হতে ইচ্ছুক বিএনপির প্রার্থীরা কেউ রাউজান থেকে মনোনয়নপত্র নিতে পারেনি। কাউন্সিলর নির্বাচন হলে আমার জন্য সুবিধা হতো। আমাদের প্রার্থীরা ঘরে ঘরে যেত, প্রচারণা চালাতে কষ্ট কিছুটা কম হতো। তারাই ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেত।’
তবে বিএনপির মেয়র পদপ্রার্থীর অভিযোগ সত্য নয় দাবি করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. কামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিএনপি আসলে ওয়ার্ডগুলোতে কোনো প্রার্থীই খুঁজে পায়নি। এখন তারা মিথ্যা কথা বলছে। রাউজানে বিএনপির দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।’
গত পৌর নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি-সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আগে দুবার নির্বাচন করেছি। তাই এবার আর করলাম না।’
গত বৃহস্পতিবার রাউজান ঘুরে ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউন্সিলর পদে ভোট না হওয়ায় নির্বাচনের আমেজ এখানে পুরোপুরি জমেনি। কাউন্সিলর নির্বাচন হলে প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করতেন, এলাকায় তাঁদেরও পোস্টার থাকত, মাইকিং হতো। এখন রাউজানের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে শুধু মেয়র প্রার্থীদের পোস্টার।