শুধু যন্ত্রগুলো জানান দিচ্ছে তাকিম জীবিত
মুখে অক্সিজেনের মুখোশ, মাথায় ব্যান্ডেজ, সাদা চাদর গায়ে নিথর হয়ে পড়ে রয়েছেন আখেরুজ্জামান তাকিম। শরীরের সঙ্গে সংযুক্ত যন্ত্রগুলো শুধু জানান দিচ্ছে যে তিনি জীবিত। বাইরে স্বজন আর বন্ধুদের জটলা, কখন তাঁর জ্ঞান ফিরবে।গত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) গিয়ে এমন দৃশ্যই দেখা যায়।ছাত্রশিবিরের হামলায় গুরুতর আহত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আখেরুজ্জামানকে গত বৃহস্পতিবার রাতে এই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক। মাথায় আঘাতের কারণে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রোপচার করে মস্তিষ্কের জমাট রক্ত বের করা হয়েছে। তাঁকে এখন কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিইউর চিকিৎসক হাসনুল আলম।কখনো মিছিলের সামনে অস্ত্র হাতে গুলি করে, কখনো প্রতিপক্ষকে পিটিয়ে, কখনো বা বহিষ্কার হয়ে বিভিন্ন সময়ে সংবাদ হয়েছিলেন আখেরুজ্জামান। সর্বশেষ গত বুধবার রাতে এক দল সন্ত্রাসী আখেরুজ্জামানকে কুপিয়ে মারাত্মক জখম করে এবং তাঁর বাঁ পায়ের রগ কেটে দেয়।অনেক আশা নিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন রেলওয়ের কর্মকর্তা তোফাজ্জল হোসেন। স্কুল-কলেজের মেধাবী ছাত্র আখেরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে জড়িয়ে পড়েন ছাত্রলীগের সঙ্গে। এ কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চার বছরেও প্রথম বর্ষের গণ্ডি পেরোতে পারেননি তিনি।হাসপাতালে কথা হয় আখেরুজ্জামানের বড় ভাই ওয়ালিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট আখেরুজ্জামান। তাঁরা সব ভাই-বোনই শিক্ষিত। শুধু আখেরুজ্জামানের শিক্ষাজীবনটা কেমন এলোমেলো হয়ে গেল।এ সময় উপস্থিত আখেরুজ্জামানের কয়েকজন বন্ধু ক্ষোভ প্রকাশ করে বলেন, সব গণমাধ্যমই আখেরুজ্জামানের অস্ত্র হাতে ছবি প্রকাশ করেছে। কিন্তু কেউ একবারও খুঁজে দেখেনি যে তাঁর হাতে কেন, কীভাবে অস্ত্র গেল।রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, তাঁর পুরো নাম এ কে এম তৌহিদ আল আখেরুজ্জামান। বিশ্ববিদ্যালয়ে আখেরুজ্জামান তাকিম নামেই পরিচিত। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ভর্তি হন তিনি। ক্লাসে উপস্থিতি না থাকার কারণে প্রথম বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি। পরের বছর ২০০৯ সালেও তিনি প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণ করেননি। ২০১০ সালেও করেননি। তখন থেকেই তাঁর বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল হয়ে যায়। গত জুন মাসে গঠিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সহসভাপতির পদ পান।গত ১৫ জুলাই পদ্মা সেতুর জন্য টাকা তোলা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তুহিন গ্রুপের সঙ্গে আখেরুজ্জামানের গ্রুপের সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল হাসান। ওই ঘটনায় আখেরুজ্জামানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। একই সঙ্গে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হন তিনি। তার পরও তিনি ছাত্রলীগের কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সর্বশেষ গত ২ অক্টোবর ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের সামনেই আখেরুজ্জামানকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায়। বিভিন্ন গণমাধ্যমে তাঁর ছবি প্রকাশিত হয়। সেই আখেরুজ্জামান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এরই মধ্যে ছাত্রলীগ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে।