লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, বর্তমানে দুর্দশাগ্রস্ত সমাজব্যবস্থায় শুধু রাজনীতিবিদেরা একা সমাজ পরিবর্তন করতে পারবেন না। এ জন্য সমাজকর্মীদের এগিয়ে আসা দরকার। সমাজের যাঁরা গুণী ব্যক্তি আছেন, তাঁদেরও এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের জাগরণী সংসদ মাঠে সুপ্রিম কোর্টের প্রয়াত আইনজীবী এম আর রাসকিনের শোকসভায় আবুল মকসুদ এসব কথা বলেন।
এম আর রাসকিন শিশু-কিশোর সংগঠন চাঁদের হাটের কুসুমপুর শাখার প্রধান উপদেষ্টাসহ ৩০টি সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন। চাঁদের হাটের আয়োজনে গতকাল শোকসভা ও দোয়া মাহফিল হয়।
কুসুমপুর চাঁদের হাটের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এম আর রাসকিনের বড় ভাই সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও কেন্দ্রীয় চাঁদের হাটের প্রেসিডিয়াম চেয়ারম্যান জাকারিয়া পিন্ট প্রমুখ।