শুধু রাজনৈতিক পদ থাকায় মামলা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে গত রোববার দিবাগত রাতে মামলা হয়েছে। ওই মামলায় ১১ নম্বর আসামি করা হয়েছে গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও দৈনিক ভোরের পাতার গোয়ালন্দ প্রতিনিধি আবুল মোল্লাকে। একই সঙ্গে তিনি দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আবুল মোল্লা প্রথম আলোকে বলেন, ৪ সেপ্টেম্বর তাঁর শিশু ছেলে অসুস্থ হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে মারা যায়। অপর যমজ সন্তান ও স্ত্রী অসুস্থ হয়ে পরদিন ৫ সেপ্টেম্বর থেকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত হাসপাতাল ছেড়ে এলাকায় ফিরতে পারেননি। শুধু রাজনৈতিক পদ থাকায় তাঁকে ভাঙচুরের মামলার আসামি করা হয়েছে।
গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসজাদ হোসেন বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবুল মোল্লাকে মামলায় জড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
গত রোববার বেলা ১১টায় ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র সাইফুল ইসলাম ওরফে রিপন হত্যার প্রতিবাদে দৌলতদিয়া ঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিল স্থানীয় ব্যবসায়ী, বিএনপি নেতা ও নিহত সাইফুলের স্বজনেরা। বিক্ষোভকালে একটি অংশ আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন অভিযোগ করে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার মোল্লা ওই দিন রাতে বিএনপির ২৬ নেতা-কর্মীর নামে মামলা করেন।
মামলায় অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার পুলিশ রোববার ও গতকাল সোমবার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা, দৌলতদিয়ার শাহাদৎ মেম্বার পাড়ার বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা শহিদ পাল, জাহাঙ্গীর সরদার, রাসেল ব্যাপারী এবং আইনদ্দিন প্রামাণিক পাড়ার রোকন প্রামাণিককে গ্রেপ্তার করে।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূঁইয়া বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে সাংবাদিক আবুল মোল্লার নাম না এলে পরে বাদ দেওয়া হবে।