কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, দিল্লিতে বাসে একটি মেয়েকে ধর্ষণের ঘটনায় ভারতের কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল। কিন্তু মানিকগঞ্জে বাসে ধর্ষণের ঘটনা ঘটলে শেখ হাসিনা ও খালেদা জিয়ারা তো মাঠে নামেননি। তাঁরা শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলে মাঠে নামেন। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর হাটখোলা জুনিয়র হাইস্কুল মাঠে জেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় কাদের সিদ্দিকী এ কথা বলেন।পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করার সময় পুলিশ দাঁত বের করে হেসেছিল। এ রকম পুলিশ দিয়ে আর যা-ই হোক, কোনো রাষ্ট্রের হেফাজত হতে পারে না।জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, কেন্দ্রীয় নেতা খোকন জসিম, আবুল হোসেন, আবু বকর সিদ্দিকী প্রমুখ।