শুধু সন্তান নয়, তারা ছিল সম্বলও
গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর শ্যামপুরের ফেন্সি প্রিন্টিং অ্যান্ড ডায়িং কারখানায় আগুন লেগে মারা যাওয়া আট শ্রমিকের জীবনের গল্পটায় বেশ মিল। দুমুঠো ভাতের জন্য প্রায় সবার ওপরই নির্ভরশীল ছিল গোটা পরিবার। কিন্তু নিরন্তর কষ্টের মধ্যেও এরকম মৃত্যু কেউ নিশ্চয়ই দুঃস্বপ্নেও কামনা করেননি। সবার চোখে নিশ্চয় ছিল কষ্টকে জয় করে একদিন মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন। আগুনের নির্মম শিখা এ কটি তরুণ প্রাণ আর তাঁদের পরিবারের সব স্বপ্নকে নিমিষেই ছাই করে দিয়েছে। অকালে বাবা মারা যাওয়ায় শিশু বয়সেই সংসারের বোঝা মাথায় চেপেছিল আবদুল আজিজের। তিনি নিজে খেয়ে না-খেয়ে ছোট ভাইবোনের বড় করার চিন্তা করেছেন। এভাবেই কেটে গেছে ১০ বছর। ভাইবোন একটু বড় হয়েছে, নিজেকে গোছানো শুরু করেছিলেন মাত্র। এই পর্বে এসে আগুন তাঁর শরীরের সঙ্গে সবগুলো অর্জন আর ইচ্ছেকেও অঙ্গারে পরিণত করেছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়ানো আবদুল আজিজের ছোট বোন মাফিয়া জানান, গ্রামের বাড়িতে থাকা ছয়-সাত সদস্যের একটি পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব ছিল আজিজের ওপর। মেজো ভাই ইব্রাহিম কান্না চেপে বলেন, ‘শুধু ভাই হারাই নাই, সবই হারাইছি।’ কবিরের পরিবারের অবস্থা আরও করুণ। এক ভাই ও চার বোনের মধ্যে কবিরই ছিলেন বড়। বাবা মোতালিব খান মারা গেছেন আট বছর আগে। কবিরই ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। মৃত আলমাছের চাচাতো ভাই আবদুল গনি জানান, আলমাছের পরিবার খুবই গরিব। ভিটেমাটি পর্যন্ত নেই তাঁদের। তাঁর ছোট দুই ভাইবোন গ্রামের স্কুলে লেখাপড়া করে। নয়নের কথা জানা গেল চাচা ইকবাল হোসেনের কাছ থেকে। নয়নের বাবা আবদুল সিদ্দিক একজন কৃষক। সংসার চলে না বলে বড় ছেলেকে কৃষিকাজে লাগিয়ে নয়নকে পাঠিয়েছিলেন ঢাকায় চাকরি করতে। কারখানার মালিক মিজানুর রহমানের খালাতো ভাই হাফিজুর রহমান জানান, মৃত আটজনের মধ্যে চারজনই মালিকের ভাইপো ও ভাগনে। তাঁরা হলেন হাবিল, কাবিল, চয়ন ও আসমাউল। তাঁদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার কুলচারায়। হাফিজুর রহমান জানান, আসমাউলের বাবা-মা কেউ বেঁচে নেই। বড় একটি বোনের দায়িত্ব এখন তাঁর। নিহত চয়ন দুই ভাই এক বোনের মধ্যে ছোট। বাবা-মা ও ভাইবোন গ্রামের বাড়িতে থাকেন। তাদের ভরণ-পোষণ করতেন চয়নই। হাবিল ও কাবিল যমজ ভাই। সংসারের হাল ধরতে চার-পাঁচ বছর আগে তাঁরা এ চাকরি নেন। যমজ সন্তান আবার সংসারের সহায় ছেলেদের হারিয়ে শোকের সাগরে ভাসছেন বাবা জানা মণ্ডল।