শুধু সমাজসচেতনই নন রাজনৈতিকভাবেও সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর শুধু সমাজসচেতন নন, তিনি রাজনৈতিকভাবেও সক্রিয়। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ৮০তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্র সমাজ সংস্কৃতি নামের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে আনিসুজ্জামান এ কথা বলেন।
গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়। বইটির সম্পাদনা করেন অধ্যাপক অনুপম সেন ও অধ্যাপক মুনতাসীর মামুন। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জানানো হয়, তিনি এখন কানাডায়।
আনিসুজ্জামান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের দীর্ঘজীবন কামনা করে বলেন, ‘তাঁর সমাজসচেতনতা কেবল লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তাঁর রাজনৈতিক সক্রিয়তাও ছিল। ৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় তিনি বাংলাদেশের রূপরেখা বলে একটি বই প্রকাশ করেছিলেন।’ তিনি বলেন, ‘বোরহান আমাদের সমাজ, সাহিত্য ও বিদ্যাজগৎকে যা দিয়েছেন তার জন্য তাঁকে অভিনন্দন।’
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের অনুজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘ভাই হিসাবে, শিক্ষক হিসাবে তিনি আমাকে বুঝতে শিখিয়েছেন। তাঁকে কখনো আমার শ্রদ্ধা জানানোর সুযোগ পাইনি। আজ তাঁর ৮০তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, তাঁর লেখার ঐশ্বর্য অনেক। তিনি এক পৃষ্ঠা লেখার ভাব মাত্র এক-দুই লাইনে প্রকাশ করতে পারেন। মুনতাসীর মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শিল্পী হাশেম খান, সাংবাদিক ও গবেষক শাহরিয়ার কবির।