শুধু সামাল দেওয়া নয়, দুর্যোগকে বোঝা জরুরি

দুর্যোগকে বাগে রাখতে হলে মানবসম্পদের ওপর আমাদের আস্থার সঙ্গে বিনিয়োগ বাড়াতে হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড়ের বিষয়ে মানুষকে সতর্ক করার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছেন স্বেচ্ছাসেবকেরা। পিরোজপুর সদরের হুলারহাট সড়কে
ফাইল ছবি

অনেক বছর আগে বৈশাখের কোনো এক শেষ বিকেলে যমুনা নদী দিয়ে বগুড়ার সারিয়াকান্দি থেকে সিরাজগঞ্জের চৌহালী আসার পথে আমাদের নৌকা তীব্র ঝড়ের কবলে পড়ে। বড় নৌকা, মাঝিমাল্লা চারজন আর আমরা জনা পাঁচেক প্যান্ট পরা ভদ্দরলোক। আমাদের ছটফটানি দেখে চরম ভদ্র মাঝি আবুল ভাই (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলেন, এখন প্রয়াত) দিলেন এক ধমক। তিনি বললেন, ‘লক করে বইসা থাকুন, আমরা সামাল দিব।’ হালে গিয়ে বসেন আবুল ভাই। সামাল দেওয়া কাকে বলে তখন দেখেছিলাম।

যমুনার এমন বেহাল ঢেউ আগে কখনো দেখিনি। চোখের সামনে দু–তিনটা ছোট নৌকা হারিয়ে গেল। পৌনে এক ঘণ্টার সেই ঝড় মনে হচ্ছিল অনন্তকাল ধরে চলেছে। ঝড়ের পর নদী শান্ত হলে আবুল ভাই হাসতে হাসতে বলেছিলেন, ‘ভাগ্যিস কাল হালটা মেরামত করিছিলাম। তাই আজ বড় বাঁচা বেঁচি গেনু।’ শক্ত সোনালু কাঠের হাল। পরিস্থিতি সামাল দিতে পেরেছিলেন নৌকার গুণে। একে একে বলেছিলেন, নৌকার নকশাটাই আসল। নকশায় ভুল থাকলে উপায় নেই। হালটাও বড় নৌকার প্রাণ। সেই সঙ্গে দরকার ঝড়ের অভিজ্ঞতা। মেঘের ধারণা। বাতাসের আওয়াজ শুনে তাঁরা বুঝতে পারেন ঝড় আসবে কোন দিক থেকে। আবুল মাঝি সেদিন জানিয়ে দিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনার সারকথা। ওয়ান কমান্ড, সময়মতো শক্ত হাতে হাল ধরা, টেকসই কাঠামো, সঠিক উপকরণ, রক্ষণাবেক্ষণ আর জ্ঞান ও অভিজ্ঞতা।

পৃথিবীর প্রায় ৮০ শতাংশ দুর্যোগ আবহাওয়াজনিত। এসব দুর্যোগের আবার ৪৫ শতাংশ ঘটে এশিয়ায়। হিসাব কষলে দেখা যাবে, দুর্যোগে অর্থনৈতিক ক্ষতির ৪২ শতাংশ, হতাহতের ৮৩ শতাংশ এবং ক্ষতিগ্রস্ত জনসংখ্যার ৮৬ শতাংশ বাংলাদেশ, ভারতসহ এ অঞ্চলে।

জলবায়ুরর বৈশ্বিক ঝুঁকির সূচক অনুযায়ী, বাংলাদেশকে গত ২০ বছরে ১৮৫টি আবহাওয়াজনিত তীব্র দুর্যোগ সামাল দিতে হয়েছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩.৭২ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ ২৫) প্রকাশিত জার্মান প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল গ্রিন ওয়াচের হিসাবে, দুর্যোগে বিপদের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আর শুধু জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকির তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। তাই বাংলাদেশকে অনেকেই ঠাট্টা করে ‘দুর্যোগের সুপারমার্কেট’ বলেন।

বাংলাদেশের জন্মের সময়ও এ রকম সিরিয়াস ঠাট্টা করে বলা হয়েছিল ‘তলাবিহীন ঝুড়ি’ বলে। হতে পারে এটা অনুবাদকের ভুল অথবা ব্যুৎপত্তিগত মানে অন্য কিছু ছিল। তবে এ কথা মানতে হবে সেই ঠাট্টাটা মোটেও সম্মানজনক কিছু ছিল না। স্বাধীনতার পর আমাদের অর্থনীতিকে পশ্চিম আফ্রিকার দুর্বলতম অর্থনীতির দেশ আপার ভোল্টার (এখন বুরকিনা ফাসো) সঙ্গে তুলনা করা হতো। ১৯৬০ সালে স্বাধীনতা পেলেও দেশটি এগোতে পারছিল না। সবাই আমাদের দিকে আঙুল তুলে বলত বাংলাদেশও পারবে না। প্রাকৃতিক সম্পদ নেই, স্বাস্থ্যশিক্ষা তথৈবচ, তার ওপর বছর বছর বন্যা, জলোচ্ছ্বাস লেগেই আছে, সব লেজেগোবরে অবস্থা। তবে এসব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আমরা এগিয়েছি। শুধু আপার ভোল্টার ওপরে নয়, পৃথিবীর অনেক দেশ এখন আমাদের পেছনে। আমরা এগোচ্ছি।

তবে আমাদের এই এগিয়ে যাওয়া তখনই টেকসই হবে, যখন আমরা প্রাকৃতিক দুর্যোগগুলো কবজায় আনতে পারব আর কথিত উন্নয়নজাত আপদগুলোর মাত্রা সহনীয় পর্যায়ে আটকে দিতে পারব। দুর্যোগের ঝুঁকি সহনশীল পর্যায়ে ধরে রাখতে সাতটি কৌশলের বিষয়ে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও একমত হয়েছে।

সাত কৌশলের মধ্যে মৃতের সংখ্যা, ক্ষতিগ্রস্তের সংখ্যা, জিডিপির লোকসান এবং জনগুরুত্বসম্পন্ন স্থাপনা বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য হারে কমানোর কথা বলা হয়েছে। এগুলো অর্জনের জন্য পরিকল্পিত পথে এগোনোর কথাও আছে। কীভাবে জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্যোগঝুঁকি কমানো হবে, তার একটা কৌশলপত্র প্রণয়ন, উন্নত দেশগুলোর সহযোগিতা এবং দুর্যোগের সতর্কতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়েও কাজ করার কথা আছে এ মতৈক্যের দলিলে। দলিলটি তৈরি হয় ২০১৫ সালে জাপানের সেন্দাই নগরে জাতিসংঘের তত্ত্বাবধানে।

এখন পর্যন্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক ও এসডিজিতে উল্লিখিত দুর্যোগঝুঁকি হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ কমবেশি সফলতার সঙ্গে কাজ করে চলেছে। জলবায়ুজনিত দুর্যোগঝুঁকি হ্রাসে আর্থিক সহায়তা করার জন্য ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ চালু হয়েছে। বাংলাদেশ এ তহবিলের সহযোগিতা পেতে শুরু করেছে। দেশেও এ বিষয়ে নিজস্ব তহবিল গঠন করা হয়েছে।

নানা সীমাবদ্ধতা থাকলেও আমাদের এখন একটা দুর্যোগ ব্যবস্থাপনা আইন আছে। ২০১২ সালে ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট’ প্রণীত হয়। ‘দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত নীতিমালা’ প্রণীত হয় ২০১৫ সালে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি ২০১৯ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনাকে মূলধারায় নিয়ে আসার চেষ্টা চলছে।

২০১০ সালের পর থেকে সবগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা রাখা হয়েছে। তবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা পর্যালোচনা করে দেখা যায়, মন্ত্রণালয়গুলোর দুর্যোগ ঝুঁকি হ্রাসসংক্রান্ত বেশির ভাগ প্রকল্প বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনকেন্দ্রিক। বজ্রপাত, ভূমিধস, লবণাক্ততা ইত্যাদির ঝুঁকি কমানোর প্রকল্প নেহাতই কম। এর মধ্যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (২০২১-২৫) প্রণীত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিকতা দেওয়ার জন্য বাংলাদেশে সাতটি বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগ ও ইনস্টিটিউট এরই মধ্যে অনার্স ও মাস্টার ডিগ্রি প্রদান করছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গবেষণা প্রকল্পের জন্য অনুদান দিচ্ছে। দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির লক্ষ্যে সরকার ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটও গড়ে তুলেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে সব ধরনের দুর্যোগঝুঁকি হ্রাস করতে বাংলাদেশ সক্ষম হবে।

ঘাটতি শনাক্ত করা প্রয়োজন

সেন্দাই ফ্রেমওয়ার্ক খুবই গুরুত্ব দিয়েছে পূর্বসতর্কতার ওপর। অধ্যাপক আইনুন নিশাত যেমন বলেন ‘সতর্কতা ও পূর্বাভাস’ এ দুটি কথা কাছাকাছি মনে হলেও আসলে সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। পূর্বাভাসব্যবস্থা মোটামুটি ঠিক থাকলেও সতর্কব্যবস্থা তেমন কোনো কাজে আসে না। আমাদের বর্তমান সতর্কতা হলো জাহাজের ক্যাপ্টেনের জন্য। ব্রিটিশ আমলে তৈরি করা এক আইনের ভিত্তিতে বন্দরকেন্দ্রিক সতর্কতা প্রচার করার রেওয়াজ এখনো চলছে। মানুষ তো বিপৎসীমার অর্থই বোঝে না। সতর্কতা সাধারণ মানুষকে খবর দেওয়ার জন্য নয়। সতর্কতার নম্বর দিয়ে বিপদ বিবেচনা করলে হবে না। কারণ এলাকাকেন্দ্রিক সর্বোচ্চ ও সর্বনিম্নের বিষয় রয়েছে। পুরোনো আমলের আইন দিয়ে এসব সতর্কতা কাজে আসছে না।

সাম্প্রতিক কালে ডিসেম্বর আর ফেব্রুয়ারির অকালবৃষ্টিতে কৃষকের মাজা ভেঙে যায়। কৃষকের কাছে ক্ষতিকর বৃষ্টির খবর পৌঁছাতে না পারার বিষয়ে পিএইচডি গবেষক মস্তফা কামাল (কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি) প্রথম আলোর প্রশ্নের জবাবে একই কথা বলেছেন। তাঁর মতে, যথেষ্ট সময়ের আগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেশের মানুষের কাছে পৌঁছানোর ব্যর্থতা প্রমাণ করে যে আবহাওয়ার গতি-প্রকৃতি বুঝতে আবহাওয়া অধিদপ্তরের অনেক সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতা বিভিন্ন প্রকারের হতে পারে: প্রযুক্তিগত, মানবসম্পদগত, আমলাতান্ত্রিক ইত্যাদি। আবহাওয়াবিজ্ঞানে মানুষের অর্জিত জ্ঞান এমন পর্যায়ে পৌঁছেছে যে তিন দিনের পূর্বাভাস শতকরা ৮০ থেকে ৯০ ভাগ নিশ্চিত করা যায়। এক-দুই দিনের আবহাওয়ার পূর্বাভাস করা যায় প্রায় ঘড়ি-ঘণ্টা ধরে।

আশ্রয়কেন্দ্র না বাড়ি?

জলবায়ু পরিবর্তনের খপ্পরে পড়া দুনিয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা এবং এর শক্তি বাড়বে। এখন পর্যন্ত আমাদের অভিজ্ঞতা ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগের ঘূর্ণিঝড়। বাংলাদেশে ভবিষ্যতে এমন ঘূর্ণিঝড় হতে পারে, যার গতিপ্রকৃতি নিয়ে আমাদের কোনো ধারণা নেই। সেসব ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি। ৪ এমনকি ৫ মাত্রার ঘূর্ণিঝড় মোকাবিলার কথা আমাদের ভাবতে হবে। বড় মাত্রার ঘূর্ণিঝড়ের জন্য আরও আশ্রয়কেন্দ্র লাগবে।

বড়মাপের আশ্রয়কেন্দ্রের মতো সহজে দৃশ্যমান বস্তুর কাজে দাতা ও সরকারের একটা আলাদা টান থাকে। তাই আশ্রয়কেন্দ্রের কাজ কোনো সময় থেমে থাকে না। কখনো একটু ঢিমেতালে দেখা দিলে পরের ঘূর্ণিঝড়ে আবার তা বেগবান হয়েছে। ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত ২০ বছরে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সাহায্য সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ৭০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি করে দিয়েছে। পুনর্নির্মাণ করছে ৯৬টি আশ্রয়কেন্দ্র। আরও ২৫টি নতুন বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলছে।

এখন সময় এসেছে বড় বড় আশ্রয়কেন্দ্রের ধারণার পাশাপাশি বিকল্প কিছু ভাবার। ২ হাজার ২৩৩ বর্গফুট আয়তনের একটি সাধারণ মানের আশ্রয়কেন্দ্র বানাতে খরচ পড়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। দাবি অনুযায়ী, সেখানে আশ্রয় নিতে পারে আনুমানিক ১ হাজার ৭০০ জন মানুষ। একেকজনের জন্য ১ দশমিক ৫৫ বর্গফুট। সরকার গঠিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কমিটির অনুমোদিত হিসাব ২ বর্গফুটের চেয়েও কম। একই টাকায় ব্যক্তিমালিকানায় বাড়ি দিলে এর চেয়ে বেশি মানুষ বাঁচানো যাবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী আর স্থপতিদের করা নকশা অনুযায়ী কলামের ওপর দোতলা এসব বাড়ির বারান্দাসহ আয়তন ৩০৪ বর্গফুট। একেকটি বাড়ি বানানোর খরচ ৩ থেকে ৪ লাখ টাকা। প্রায় দেড় শ মানুষ ঝড়ের সময় এ রকম একেকটা বাড়িতে আশ্রয় নিতে পারবে।

পাটিগণিতের হিসাবে একটা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের খরচে এ রকম কমপক্ষে ৩০টি বাড়ি তৈরি সম্ভব। একেকটা বাড়িতে যদি ১৫২ জনের জায়গায় ১০০ জনও আশ্রয় নেয়, তাহলে ৩০টা বাড়িতে কমপক্ষে ৩ হাজার মানুষের জায়গা হবে। অথচ একেকটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র টেনেটুনে মাত্র ১ হাজার ৭০০ জন মানুষের স্থান করে দিতে পারে।

লন্ডন স্কুল অব ইকোনমিকসের শিক্ষক টমাস ম্যাথ বলেছেন, ‘যাদের একটা স্থায়ী ঠিকানা আছে, তাদের বিকাশ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আর যাদের প্রতিবছর বাড়ি বদলাতে হয়, ভেঙে আবার বানাতে হয়, তাদের বিকাশ পদে পদে বিঘ্নিত হবে।’ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের খরচে যদি মানুষের একটা টেকসই ঠিকানা হয়, তাতে ক্ষতি কী?

সমন্বয়, পারস্পরিক সহযোগিতা

সদ্য বিদায়ী দুর্যোগ ব্যবস্থাপনাসচিব অবসরে যাওয়ার আগে এক অনুষ্ঠানে বলেছিলেন, সবার সমন্বয় আগের চেয়ে অনেক বেড়েছে। সরকারও এ ব্যাপারে খুবই আন্তরিক। একই সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছিলেন, ‘আগে দেখা যেত ক্ষয়ক্ষতির তথ্যের বেলায় উপজেলা, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ নিজেরা একটা কম্পাইল তথ্য করে দিত। কিন্তু হেডকোয়ার্টারে এসে কারও সঙ্গে কারোটা মিলত না। এবার (২০২০) আমরা যখন ডি-ফরমের মাধ্যমে করি, দেখা যায় অনেক ব্যবধান নেই। হিসাব অনেক কাছাকাছি।’ এ দুই বক্তব্য থেকে অন্তত একটা বিষয় পরিষ্কার যে সমস্যাটা সবার জানা। আর সবাই সেটা সমাধানের চেষ্টা করছেন।

শেখাতে গেলে শিখতে হবে

যাঁদের আমরা দুর্যোগ ব্যবস্থাপনা শেখাতে চাই, তাঁদের কাছ থেকেও যে শেখার আছে, সেটা আমাদের বিবেচনায় থাকে না। সাধারণ মানুষের কাছে পাঠ না নিলে আমাদের কোনো জানা যে সম্পূর্ণ নয়, সেই চিন্তার প্রতিফলন কোনো কর্মসূচিতে আছে কি? অনেক বিশ্ববিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনার পাঠদান করছে। কিন্তু গবেষণার মাধ্যমে নিত্যনতুন পাঠ নিচ্ছেন কয়জন? নির্বাহী দপ্তরগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মেলবন্ধন হবে কবে, কীভাবে? প্রতিটি দুর্যোগের পর তার একটা একাডেমিক রিভিউ হওয়া প্রয়োজন। সেখান থেকে পাঠদানের নানা উপাদান বেরিয়ে আসবে।

মন দিতে হবে নগর–দুর্যোগে আর স্বেচ্ছাসেবক গঠন ও পরিচালনায়। আগুন, ইমারত ধস, ভূমিকম্প, জলাবদ্ধতা ইত্যাদি ব্যবস্থাপনায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। সারা দেশে ফায়ার ব্রিগেডের সিভিল ডিফেন্স অংশকে গতিশীল আর সমাজভিত্তিক করতে হবে। নগরে, গঞ্জে স্বেচ্ছাসেবক গড়ে তোলার তাগিদ বহুদিনের। দুর্যোগকে বাগে রাখতে হলে মানবসম্পদের ওপর আমাদের আস্থার সঙ্গে বিনিয়োগ বাড়াতে হবে।

লেখক: গবেষক

nayeem 5508 @gmail. com