শুধু স্বয়ংসম্পূর্ণ না আমরা খাদ্যে উদ্বৃত্ত: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘যেভাবে শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন, তারই ফলে আজকে আমরা শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না, আমরা খাদ্যে উদ্বৃত্ত। আমরা শ্রীলঙ্কায় চাল রপ্তানি করছি। নেপালে ভূমিকম্পের সময় সাহায্য ও সহানুভূতির নিদর্শন হিসেবে চাল পাঠিয়েছি।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘অনবরত আমাদের চাল রপ্তানি হচ্ছে। কিন্তু তাতেও আমাদের কোনো খাদ্যাভাব হচ্ছে না। আজকে আমরা নিজেদের মানুষদের খাওয়াতে পারছি। আমরা বিদেশে কারও বিপদের সময় পাশে দাঁড়াতে পারছি।’
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘যতই আমরা আমাদের খাদ্যপণ্যে বিদেশ-নির্ভরতা কমাতে পারব, ততই আমরা সেই টাকা কৃষির জন্য, কৃষকের জন্য দিতে পারব। প্রধানমন্ত্রী শুধু উপকরণ দিচ্ছেন তা না, পাশাপাশি কৃষি গবেষণার জন্য বৈজ্ঞানিকেরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, তার জন্য প্রয়োজনে যে টাকা দরকার, সেটা দিতেও প্রস্তুত আছেন।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘ফকির কাকে বলে, কত প্রকার ও কী কী উদাহরণস্বরূপ যদি বুঝিয়ে দেওয়া যায়, সেটা হলো বিএনপি এবং বিএনপির সরকার। যেখানেই পারে ফুটো থালা নিয়ে বসে যায় আর ভিক্ষা চায়। এই হলো বিএনপি এবং তাদের সরকার। আবার যা সাহায্য আসে সেটা চুরি ও ভাগ-বাঁটোয়ারা করে।’
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি-বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক, অর্থ সম্পাদক নাজির মিয়া, প্রচার সম্পাদক আজম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাখাওয়াত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রব খান প্রমুখ।