শুধু হাজিরা খাতায় সই দিয়েই বেতন নিচ্ছেন তিন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের খামারপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা অন্য স্কুলে চলে গেছে। শুধু হাজিরা খাতায় সই দিয়েই বেতন-ভাতা নিচ্ছেন বিদ্যালয়ের তিনজন শিক্ষক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার এই বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে তিন শতাধিক ছাত্রছাত্রী ছিল। ২০০৯ সালে প্রধান শিক্ষক আলতাফ হোসেন অবসরে যাওয়ার পর থেকে বিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। বর্তমানে বিদ্যালয়টি শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে। গত ১৮ নভেম্বর সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। শ্রেণীকক্ষগুলো মল-মূত্রে ভরে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের খাতাপত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে রাখা হয়েছে। হাজিরা খাতায় দেখা গেছে, শিক্ষকেরা নিয়মিত সই করছেন। শিক্ষার্থীদের হাজিরা খাতায় এর আগের এক সপ্তাহে কোনো ক্লাসের শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি।খামারপাড়া গ্রামের নজরুল ইসলাম ও সোবহান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ক্লাস না হওয়ায় আমরা বাধ্য হয়ে ছেলেমেয়েদের অন্য স্কুলে ভর্তি করে দিয়েছি। বিদ্যালয়ে কোনো শিক্ষককেই এখন আর দেখা যায় না।বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহুরা আক্তার বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। সব খাতাপত্র তাঁর বাসায় রাখেন। তিনি দাবি করেন, এ কারণে শিক্ষকেরা বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষাদান করতে পারছেন না। প্রধান শিক্ষক নার্গিস বেগম বলেন, ‘ছাত্রছাত্রীদের উপস্থিতি কম থাকায় বিদ্যালয়ে কম আসা হয়। কাগজপত্র ঠিক রাখার জন্য খাতায় সই করতে হয়। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম জানান, দুই শিক্ষকের দ্বন্দ্বের জের ধরে বিদ্যালয়টির এই অবস্থা হয়েছে। তাঁদের বিরোধ মেটানোর জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি। কিন্তু কোনো সুরাহা করা যায়নি। শুধু তাঁদের দ্বন্দ্বের কারণেই বিদ্যালয়টি শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে সমস্যা বিরাজ করছে। এ জন্য শিক্ষকদের কয়েক দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বেতন-ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের তদবির এবং ছাত্র সংগ্রহ করে ক্লাস শুরু করা হবে এমন অঙ্গীকার নেওয়ার পর ঈদের আগে শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। কাজীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক শিকদার বলেন, ‘এখানে নতুন যোগদান করেছি। তবে শুনেছি, বিদ্যালয়টিতে কোনো শিক্ষার্থী নেই। প্রতিষ্ঠানটি বাতিলের পর্যায়ে চলে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা বলেন, অভিযোগগুলো সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।