শুধু ৬৫ হাজার নয়, ফিরিয়ে নিতে হবে সব রোহিঙ্গাকে

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনীর অভিযান শুরুর পর বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের পরিচয় যাচাইয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ স্পষ্ট করে বলেছে, শুধু নতুন আসা ৬৫ হাজারই নয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকেই দ্রুত ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে হবে।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির বিশেষ দূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাও তিনকে ঢাকা সফরকালে বাংলাদেশ এই বার্তা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রাতরাশ বৈঠক করেন। বৈঠকে কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া এবং নতুন আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে সমন্বিত রূপরেখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রূপরেখায় রাখাইনে সংখ্যালঘু ওই জনগোষ্ঠীর নিরাপত্তা, জীবিকার নিশ্চয়তার পাশাপাশি তাদের নাগরিকত্বের বিষয়ে বলা হয়েছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূতের সঙ্গে আলোচনায় বাংলাদেশে মিয়ানমারের নিবন্ধিত শরণার্থী, অনিবন্ধিত নাগরিক ও নবাগতদের দ্রুত প্রত্যাবাসনের দাবি জানিয়ে কর্মকৌশল ঠিক করার প্রস্তাব দেওয়া হয়েছে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ সমন্বিত ও সামগ্রিক কর্মপন্থা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। দুই পক্ষই এ নিয়ে শিগগির আলোচনায় বসতে রাজি হয়েছে।
গত বছরের ৯ অক্টোবর রাখাইনে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর হত্যা-নিপীড়ন শুরু হলে তারা নতুন করে বাংলাদেশে আসছে। চলমান ওই নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে আলোচনার জন্য সু চি তাঁর শুভেচ্ছা দূত হিসেবে চাও তিনকে বাংলাদেশে পাঠিয়েছেন। চাও তিন গত বুধবার পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
কূটনৈতিক সূত্র বলেছে, বুধবার সন্ধ্যায় গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে সু চির দূতকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সব রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়টিতে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। বাংলাদেশ থেকে মিয়ানমার তার দেশের সব লোকজন ফিরিয়ে নিলে সমস্যার স্থায়ী সমাধান হবে বলে প্রধানমন্ত্রী মত দিয়েছেন।
বিভিন্ন আলোচনায় উপস্থিত কূটনীতিকেরা বলেন, সু চির বিশেষ দূত নতুন আসা প্রায় ৬৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে তাদের পরিচয় যাচাইয়ের প্রস্তাব দেন। এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশ স্পষ্ট করে বলেছে, শুধু এই ৬৫ হাজারই নয়, প্রায় ৩ লাখ অনিবন্ধিত ও শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া প্রায় ৩৩ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে হবে। পরিচয় যাচাইয়ের প্রস্তাব সম্পর্কে বাংলাদেশ বলেছে, এ ধরনের যাচাই-বাছাই আন্তর্জাতিক কোনো কমিটির মাধ্যমেই হতে পারে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ নিলে দুই পক্ষের মধ্যে বোঝাপড়া বাড়বে।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক ও রাখাইন মুসলিমদের নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দা হওয়ার বিষয়টি যাচাইয়ের জন্য একটি যথাযথ কমিটি গঠনের প্রস্তাব করে বাংলাদেশ। তা ছাড়া বাংলাদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রস্তাব করে। মিয়ানমারের বিশেষ দূত প্রস্তাবটি তাঁর দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়াজোঁ অফিস শীর্ষক দুটি সমঝোতা স্মারকে দ্রুত সই করতে রাজি হয়েছে।