শুধু 'একতরফা' নয়, 'প্রাণঘাতী' নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একতরফা’ তকমার পাশাপাশি দশম জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের পাতায় ‘প্রাণঘাতী’ নির্বাচন হিসেবেও চিহ্নিত হয়ে থাকবে। পরিসংখ্যান বলছে, নির্বাচনের আগে এত বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনা বাংলাদেশে আর কোনো নির্বাচনের আগে ঘটেনি।
গত বছরের ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে গতকাল শনিবার পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন প্রধান বিরোধীদলীয় জোট ছয় দফায় ২৬ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে। প্রথম আলোর পরিসংখ্যান বলছে, এ সময়ের মধ্যে সারা দেশে প্রাণ হারিয়েছেন ১২৩ জন।
জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের প্রতিটি সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ঘটে। কিন্তু এটা খুব স্পষ্ট যে এবারের নির্বাচনের আগে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচালের জন্য জামায়াত-শিবির উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে সারা দেশে বোমাবাজি ও পরিকল্পিত হত্যার মতো সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। নির্বাচনপূর্ব ‘রাজনৈতিক সহিংসতা’ শব্দগুচ্ছ থেকে ‘রাজনৈতিক’ শব্দটি বাদ পড়েছে, রয়েছে শুধুই ‘সহিংসতা’।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির একতরফা নির্বাচনপূর্ব সহিংসতায় এত মানুষের প্রাণ যায়নি। ১৯৯৬ সালের ৩ মার্চ সংবাদ পত্রিকার প্রতিবেদন অনুসারে, ওই নির্বাচন ঘিরে সারা দেশে সহিংসতায় ৪১ জন মারা গেছেন। আর ভোরের কাগজ ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান মতে, ১৯৯৬ সালের ১ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনকালীন সহিংসতায় মারা গেছেন ২৮ জন। আহত ব্যক্তিদের কোনো হিসাব পাওয়া যায়নি।
২০০১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেও তার আগে সহিংসতার ঘটনা ঘটে। প্রথম আলোর পরিসংখ্যান বলছে, ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগের এক সপ্তাহে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় অন্তত ৩৮ জন প্রাণ হারান, আহত হন কমপক্ষে এক হাজার ৬৭২ জন। নির্বাচনী এলাকায় আধিপত্য বিস্তার, পেশিশক্তি প্রদর্শন প্রভৃতি ছিল এই সহিংসতার কারণ। বছরজুড়ে রাজনৈতিক সহিংসতাও ছিল অনেক।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সবচেয়ে নির্বিঘ্নে। নির্বাচনের আগে-পরে সহিংসতার তেমন কোনো ঘটনাই সেখানে ঘটেনি। পাতার পর পাতা উল্টালেও পাওয়া যায়নি নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনা। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, ২০০৮ সালে গোটা বছরজুড়ে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন মাত্র চারজন।
নির্বাচনকেন্দ্রিক সহিংসতার পাশাপাশি ২০১৩ সাল রাজনৈতিক সহিংসতায় সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির বছর। আসকের পরিসংখ্যান বলছে, বছরজুড়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় এবং বছরের শেষদিকে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা ও বিরোধী জোটের অবরোধ কর্মসূচির মতো রাজনৈতিক কর্মসূচিতে সারা বছরে ৫০৭ জন মারা গেছেন, আহত হয়েছেন ২২ হাজার ৪০৭ জন।
তবে নাগরিকদের জানমাল রক্ষায় রাষ্ট্র সফল নয় উল্লেখ করে মিজানুর রহমান আরও বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করা। প্রতিটি নাগরিকের অধিকার আছে জীবন ও সম্পদের নিশ্চয়তা পাওয়ার এবং এ ক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিতে পারে না। এ পর্যন্ত নাগরিকদের জানমাল রক্ষার ক্ষেত্রে রাষ্ট্র খুব সফলতার পরিচয় দিতে পেরেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি। এ জন্য জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আমরা শুরু থেকে নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানের দাবি জানিয়ে আসছি।’