শুধুই আসা-যাওয়ার খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটের প্রায় তিন লাখ মানুষের একমাত্র আশ্রয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নানা সমস্যায় জর্জরিত। ডাক্তার, নার্স, কর্মচারী, চিকিৎসা সরঞ্জাম, আসবাব, অবকাঠামো, খাওয়ার পানিসহ নানা সংকটে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতাল সূত্র জানায়, ৩০ শয্যার হাসপাতালটি বর্তমানে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। নির্মাণ ত্রুটির কারণে নতুন ভবন বুঝে পেতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রায় দুই বছর দেরি হয়। চলতি বছরের ২২ জানুয়ারি নতুন ভবন চালু হলেও জনবলসহ আধুনিক চিকিৎসা-সরঞ্জাম পাওয়া যায়নি। বর্তমানে এ হাসপাতালে ২৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন ডাক্তার। এমনকি জরুরি বিভাগসহ উপজেলার তিনটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে কোনো ডাক্তার নেই। এ ছাড়া নার্সদের ১৭টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। হাসপাতালে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ১১টি পদের সবই বর্তমানে শূন্য রয়েছে। ডাক্তার, কর্মচারী, নার্স ও রোগীদের সবচেয়ে বড় অভিযোগ, হাসপাতালে কোনো নলকূপ নেই। বাধ্য হয়ে সবাইকে নদীর পানি পান করতে হচ্ছে। ডা. অশেষ রায় ক্ষোভ প্রকাশ বলেন, ‘আমাদেরও এ পানিই ব্যবহার করতে হয়।’ এই হাসপাতালে কর্মরত এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখানে কেবল আসা-যাওয়ার খেলা চলছে। খুঁটির জোর থাকলে কেউ এই হাসপাতালে থাকেন না।’ হাসপাতালের একটি সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁরা কৌশলে প্রথমে ডেপুটেশন নিয়ে অন্যত্র চলে যান এবং পরে সুযোগ বুঝে বদলি হয়ে যান।খোঁজ নিয়ে দেখা গেছে, লোকবলের অভাবে হাসপাতালের চিকিৎসা-সরঞ্জামগুলো অবহেলায় পড়ে আছে। হাসপাতালের একটি কক্ষে গিয়ে দেখা যায়, একটি এক্স-রে মেশিন অব্যবহূত অবস্থায় পড়ে আছে। একজন কর্মচারী জানান, যন্ত্রটি চালানোর মতো কেউ না থাকায় এটি ধীরে ধীরে অকেজো হয়ে পড়েছে। একমাত্র রোগনির্ণয় কর্মী (প্যাথলজিস্ট) সম্প্রতি বদলি হয়ে চলে গেছেন। হাসপাতালসংলগ্ন একটি ফার্মেসির মালিক আজমল আলী বলেন, প্রতিদিন চার থেকে পাঁচ শ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। ২৫-৩০ জন সিটেও ভর্তি হয়। কিন্তু চিকিৎসক ও নার্স সংকটের কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আঁখি নূর বলেন, এখানে মা ও শিশু, বিশেষ করে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবার সুব্যবস্থা নেই। এ ছাড়া দাঁত ও চোখের রোগে বেশি কষ্ট পায় মানুষ।আবাসিক চিকিৎসক রেজাউল করিম বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এখানে বিভিন্ন সেবা চালু করা যাচ্ছে না। তবে আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম.এম ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের সমস্যা অনেক এটা সত্য। এসব সমস্যার কথা ওপর মহলে সবসময়ই বলছি। তবে আমাদের সেরা সেবাটাই দেওয়ার চেষ্টা করছি’। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, হাসপাতালের চিকিৎসক-স্বল্পতা কাটাতে ইতিমধ্যে দাবি জানিয়েছি। স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেন, হাসপাতালের সমস্যার বিষয়ে আমি ওয়াকিবহাল। আশু সমাধানের চেষ্টা করছি।