শুধুই বিবেকের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাপালায় একটি বিশেষ ভূমিকা আছে বিবেকের গানের। কাহিনির প্রেক্ষাপটের সঙ্গে সংগতি রেখে তত্ত্বমূলক এই গান এখন যাত্রায় প্রায় অপরিহার্য হয়ে পড়েছে। শুধু বিবেকের গান নিয়েই একটি বিশেষ আয়োজন ছিল গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর চলমান যাত্রা উত্সবে। যাত্রাব্যক্তিত্ব মিলন কান্তি দের গ্রন্থনা ও পরিবেশনায় আয়োজিত এই আয়োজনে দর্শকেরা উপভোগ করেছেন বিভিন্ন জনপ্রিয় পালার বিবেকের গানগুলো। পালার মধ্যে ছিল ‘রাবণ বধ, কালা পাহাড়, সোহরাব রুস্তম, সাধক রামপ্রসাদ, বাগদত্তা, গরীবের মেয়ে, আনারকলি, রহিম বাদশা রূপবান, একটি পয়সা এবং গঙ্গা থেকে বুড়িগঙ্গা। দেশ অপেরার পরিবেশনায় এ আয়োজনে অংশগ্রহণকারী বিবেকের মধ্যে ছিলেন গৌরাঙ্গ আদিত্য, বাচ্চু খান, উপেন দাশ, শংকর সরকার, সরল খাঁ ও চিত্ত ঘোষ। বিভিন্ন পালার কোলাজের মধ্য দিয়ে এসব শিল্পী গানগুলো গেয়ে শোনান। অভিনয়পর্বে অংশ নিয়েছেন বাবু মুখার্জি, এম এ রহিম, বনশ্রী অধিকারী, বজলুর রশীদ, বেগম তপসী, লক্ষ্মীরানী, প্রদীপ চক্রবর্তী ও মোজ্জাম্মেল বিলন। সংগীত পরিচলনা করেছেন গুরুদাস সরকার। বিবেকের গান ছাড়া অনুষ্ঠানে বিখ্যাত যাত্রা অভিনেতা ভিকটর দানিয়েলের একক অভিনয়ের পর্ব ছিল। আজ উত্সবের শেষ দিনে চারণিকা যাত্রা সমাজ পরিবেশন করবে মহীয়সী কৈকেয় পালা। ব্রজেন্দ্র কুমার দে রচিত এ পালাটির নির্দেশনা দিয়েছেন জ্যোত্স্না বিশ্বাস। ইভা রহমানের রবীন্দ্রসংগীত অ্যালবামকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গানের ব্যাপারে বলেছিলেন, ‘আমার গান তোমাদের গাইতেই হবে।’ তাঁর গান বাঙালির আবেগ ও অনুপ্রেরণার নিত্যসঙ্গী হয়ে আছে। যাঁরা নিয়মিত সংগীতচর্চা করেন তাঁদের অনেকেই কবিগুরুর গান গাওয়ার ইচ্ছে পোষণ করেন মনে। মূলত আধুনিক গানের করলেও শিল্পী ইভা রহমানের ইচ্ছা ছিল কবিগুরুর গান করার। এবার এল তাঁর রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম মনে কী দ্বিধা। গতকাল দুপুরে ঢাকার স্থানীয় একটি হোটেলে ইভা রহমানের এই অ্যালবামটির মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছিল।রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন মিউজিক অ্যালবামটি প্রকাশ করেছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, ড. করুণাময় গোস্বামী, মৃদুলকান্তি চক্রবর্তী, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, শিল্পী এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, শুভ্রদেব প্রমুখ।করুণাময় গোস্বামী বলেন, ‘রবীন্দ্রনাথ বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন গীতিকার ও সুরকার। তাঁর গান গাওয়া সাহসের কাজ। সেই কাজটিই করেছেন ইভা রহমান। তাঁর গান আমার ভালো লেগেছে।’ কলকাতার শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়ের সংগীত আয়োজনে ইভা রহমানের এই অ্যালবামে মোট ১২টি গান রয়েছে।জীবনের জন্য পানিরাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হলো ওয়াটার এইড ও দেশ টিভির যৌথ উদ্যোগে ‘জীবনের জন্য পানি’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। পানি ও জীবন নিয়ে এ প্রতিযোগিতায় দেশের নানা স্থান থেকে শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। গতকাল এ প্রতিযোগিতায় সেরা তিনজনসহ ১০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ওয়াটার এইডের আবাসিক পরিচালক মোহাম্মদ খাইরুল ইসলাম, চলচ্চিত্রনির্মাতা মানযারে হাসিন।প্রতিযোগিতায় আল হাসিব নোমানী প্রথম, রোবায়েত বিন ওয়ালিদ দ্বিতীয় ও মৌনপ্রিয় খালেদ তৃতীয় পুরস্কার পান। অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয়ী ১০টি চলচ্চিত্র দেখানো হয়।বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনীবরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে জাতীয় চিত্রশালায় আয়োজিত সাত দিনের বিশেষ প্রদর্শনী গতকাল শেষ হয়েছে। প্রদর্শনীতে ছিল শিল্পী কামরুল হাসান, এস এম সুলতান, দেবদাস চক্রবর্তী, আবদুর রাজ্জাক, সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীর, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, হাশেম খান, সৈয়দ জাহাঙ্গীর, শহীদ কবির, সমরজিত্ রায় চৌধুরী, শামীম সিকদার, শিশির ভট্টাচার্যসহ বিভিন্ন শিল্পীর মোট ১৪৭টি শিল্পকর্ম। একাডেমীর নিজস্ব সংগ্রহ থেকে বাছাই করে এই শিল্পকর্মের বিশেষ প্রদর্শনীটির আয়োজন করা হয়েছিল। এর মধ্যে অনেক শিল্পকর্মই এবার প্রথম প্রদর্শিত হলো।