শুধুই মায়ের জন্য দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে ঘুম থেকে উঠেই মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছে ছোট নিশি। বিদ্যালয়ে এসে এক ধরনের কাগজের কার্ড হাতে পায় সে। এই কার্ডের নকশা কেটে কেটে ফুল বানানো যায়। ফুলের মাঝখানে একটা ললিপপ। ফুলটি মায়ের হাতে দিতে পেরে খুবই খুশি সে। আনন্দে মাকে জড়িয়ে ধরে নিশি। মায়েদের জন্য একটি দিনের এমন আয়োজন হয়ে গেল গতকাল রোববার। মাকে উপযুক্ত সম্মান দেওয়া আর মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের এ কার্যক্রমকে আনন্দের সঙ্গে নিয়েছে শিক্ষার্থীরা। এমন আয়োজনে অভিভাবকেরাও খুশি। গতকাল রোববার সারা পৃথিবীতেই নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। এই একটি দিন কেবলই মায়ের জন্য। ছোট ছোট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করেছে অনেকেই।গতকাল বিশ্ব মা দিবস পালন উপলক্ষে প্রথম আলোর ঢাকা বন্ধুসভার সদস্যরা রাজধানীর ১৪টি বিদ্যালয়ে এই বিশেষ কর্মসূচি পরিচালনা করে। সকাল সাতটা থেকে তারা রাজধানীর এসব স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ফুল বানানোর এবং অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে উপহারের বাক্স বানানোর কার্ড বিতরণ করে। শুধু উপহারের বাক্স আর ফুল বানানোই নয়, ছিল মায়েদের জন্য ভালোবাসার কথা। এমন আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ আর মাকে ভালোবাসার বহিঃপ্রকাশ।রাজধানীর আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইস্পাহানী বালিকা উচ্চবিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, খিলগাঁও উচ্চবিদ্যালয়, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখা, বনানী বিদ্যানিকেতন, ধানমন্ডির অরণি বিদ্যালয় এবং সানিডেল ও সানবিমের ধানমন্ডি শাখার প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় এ কার্ড। এ ছাড়া গতকাল পত্রিকায়ও ছাপা হয় বিশেষ কার্ড। এর মাধ্যমে সারা দেশের সন্তানেরা তাদের মাকে উপহার দিতে পেরেছে।