শুনতে না পাওয়াই তাঁর কাল হলো
রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। পেছন থেকে চলন্ত রেল উপর্যুপরি হুইসেল দিচ্ছিল, কিন্তু শ্রবণশক্তি না থাকায় শুনতে পাননি তিনি। একপর্যায়ে ওই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি। গতকাল শুক্রবার দুপুরে সিলেট-ঢাকা রেলপথে দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জন্মগত বাক ও শ্রবণপ্রতিবন্ধী ফারুক মিয়া (৩০)। তাঁর পরিবার সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ফারুক মিয়া পরিবারের সদস্যদের নিয়ে সিলেট নগরের গোটাটিকর এলাকার একটি কলোনিতে বাস করতেন। দক্ষিণ সুরমা এলাকায় সিটি করপোরেশনের বর্জ্য ভাগাড়ে দৈনিক মজুরিতে কাজ করতেন তিনি। গতকাল কাজ না পাওয়ায় ফারুক দুপুর দুইটার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। সিলেট রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য ফারুকের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।