শুনানি চলছে ঢিমেতালে
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলীই যে গতকাল সোমবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবেন তা আগের দিনই নির্ধারণ করা ছিল। কিন্তু দুপুর ১২টায়ও যখন তিনি অনুপস্থিত তখন আদালতের কর্মকর্তারা যোগাযোগের চেষ্টা করেন। একটু পর তিনিই ফোন করে এক কর্মকর্তাকে জানান যে তিনি নাশতা করে আসছেন।
শেষ পর্যন্ত তিনি এলেন। সোয়া ১২টার দিকে বিশেষ আদালত-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন কার্যক্রম শুরু করলেন। চার আসামির এই আইনজীবী গতকাল মূলত মাওলানা আবু সাঈদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, অননুমোদিতভাবে অজ্ঞাত স্থানে দীর্ঘদিন আটক রেখে নির্যাতন করে জোরপূর্বক তাঁর স্বীকারোক্তি আদায় করা হয়। কিন্তু তিনি তা যথাসময়ে প্রত্যাহার করেন। এফআইআরে আবু সাঈদের নাম নেই। সাক্ষীরা কেউ সুনির্দিষ্টভাবে তাঁর সম্পর্কে কিছু বলেননি। মুফতি হান্নানের জবানবন্দির পরিপ্রেক্ষিতে তাঁকে আসামি করা হয়েছে।
যে সাক্ষীরা আবু সাঈদ সম্পর্কে কিছু বলেননি আইনজীবী একের পর এক তাঁদের সাক্ষ্যগুলো পড়তে থাকলে বিচারক বলেন, ‘আপনার আসামি সম্পর্কে যাঁরা বলেছেন আপনি তাঁদের সাক্ষ্যগুলো পড়ুন।’ জবাবে আইনজীবী বলেন, ‘তা-ই পড়ব মাননীয় আদালত, একটু সময় দিন।’ কিন্তু এরপরও তিনি আগের মতোই পড়তে থাকেন।
এ সময় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘৭২ নম্বর সাক্ষী আপনার আসামি সম্পর্কে বলেছেন। আপনি সেটা পড়ুন। এরপর ২২২ নম্বর থেকে পড়ুন। তাঁরা আপনার আসামি সম্পর্কে বলেছেন।’ এরপরও তিনি অপ্রাসঙ্গিক সাক্ষ্যগুলো পড়েন, বারবার ঘড়ির দিকে তাকান এবং হাই তুলতে থাকেন। একপর্যায়ে তিনি বলেন, ‘স্যরি মাননীয় আদালত, ৭২ নম্বর সাক্ষীর ফাইলটি খুঁজে পাচ্ছি না।’ এ সময় রাষ্ট্রপক্ষ তাদের কাছে রক্ষিত ফাইলটি তাঁকে দিলে তিনি তা পড়তে থাকেন।
বেলা ১টা ৫৫ মিনিটে আইনজীবী আদালতের উদ্দেশে বলেন, ‘আজ এই পর্যন্ত থাক। কালকে আবার বলি।’ এ সময় সৈয়দ রেজাউর রহমান বলে ওঠেন, ‘এতক্ষণে অরিন্দম...।’ আর বিচারক বলেন, ‘মোহাম্মদ আলী সাহেব এতক্ষণে আসল কথা বলেছেন।’ এরপর বিচারক আইনজীবীদের উপস্থাপনার ধরন, তাঁর নোট নেওয়া, বিষয়গুলো স্মরণে রাখা এসব নিয়ে কিছু কথা বলেন। আইনজীবী বিচারকের স্মরণশক্তির প্রশংসা করেন।
বেলা ২টা ৫ মিনিটে আইনজীবী বলেন, ‘মাননীয় আদালত, বিকেল তিনটায় (হাইকোর্টে) একটা জাজমেন্ট হবে। তাই আজ শেষ করতে চাই।’ বিচারক বলেন, ‘তাহলে আগামীকাল একটু আর্লি বসি।’ আইনজীবী তাতেও সম্মত হতে না পারলে বিচারক বলেন, ‘একদিকে তো কিছু করতে হবে।’ এরপর তিনি আদালত মুলতবি ঘোষণা করেন।