শুনানি দেখতে কানাডা যাচ্ছেন দুদক প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু দুর্নীতি
পদ্মা সেতু দুর্নীতি

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলার শুনানি দেখতে আগামী সপ্তাহে কানাডা যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আনিসুল হক। তিনি মূলত শুনানি পর্যবেক্ষণ করবেন।
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের মামলায় পূর্ণাঙ্গ ও উচ্চতর তদন্তের জন্য কমিশন থেকে কর্মকর্তা পাঠানো হচ্ছে। চেয়ারম্যান বলেন, কানাডার আদালতের নিষেধাজ্ঞার কারণে আনিসুল হক সরাসরি তথ্য আনতে পারবেন না, তবে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি শুনানি পর্যবেক্ষণ করবেন। বদিউজ্জামানের আশা, কানাডায় বিচারপ্রক্রিয়া শেষে সব তথ্য দুদক হাতে পাবে।
বাংলাদেশে গণমাধ্যমের কারণে সবকিছু প্রকাশ হয়ে যায় অভিযোগ করে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের গণমাধ্যমের কারণেও হয়তো কানাডা কর্তৃপক্ষ কিছু প্রকাশ করতে চাচ্ছে না।
দুদকের প্রশাসনসূত্র জানায়, দুদকের এ সদস্য চলতি মাসের ২৯ বা ৩০ তারিখে কানাডার উদ্দেশে রওনা দেবেন। কানাডার রয়েল মাউন্টেড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জব্দ করা আলামত থেকে তথ্য ও সেগুলোর প্রত্যয়িত অনুলিপি নিয়ে আসতে সহযোগিতা দিতে কানাডার সরকারের কাছে দুদকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অনুরোধপত্রও পাঠানো হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কানাডা থেকে আনা তথ্য ও দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করে দ্রুত পদ্মা সেতুর মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করার জন্য তাঁদের প্রতি আদেশ দেওয়া হয়েছে। আর কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ-আরসিএমপির সর্বশেষ অভিযুক্ত ব্যক্তি জুলফিকার আলী ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত দিয়েছে বলেও জানান তাঁরা।
দুদক সূত্র জানায়, জুলফিকার আলী ভূঁইয়া বাংলাদেশে এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শকপ্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করা লালমাটিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের (ইপিসি) ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি সব সময় কানাডায় থেকে ইপিসির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর দেখভাল করেন। কানাডায় তিনি কমিশন এজেন্ট হিসেবে পরিচয় দেন।