শুনানি না হওয়ায় বিচারককে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনের শুনানি বাতিল করায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এনামুল হককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক আসামি।

অপহরণ ও ধর্ষণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি উমর আলী (৫৫) গতকাল সোমবার কাঠগড়া থেকে এজলাসে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। এ ঘটনায় ওই আসামিকে আদালত তাৎক্ষণিক দোষী সাব্যস্ত করে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার টনকীপাড়া গ্রামের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আদালতে একটি মামলা চলছিল। গতকাল সোমবার ওই মামলার জামিন শুনানির দিন ধার্য ছিল। উমর আলীর পক্ষে দুজন আইনজীবী ওকালতনামায় সই করে জামিনের আবেদন করেন।

বিচারক বলেন, একই মামলায় পৃথক দুটি জামিনের আবেদন বিধিসম্মত নয় বিধায় মামলার শুনানি আইনসিদ্ধ নয়। ফলে তিনি উভয় আবেদন নাকচ করে দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়ানো উমর আলী উত্তেজিত হয়ে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। জুতা গিয়ে এজলাসে পড়ে।

এ ঘটনার পর বেলা তিনটার দিকে উমর আলীকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে বিচারক এ কে এম এনামুল হক এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন।