বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান এই আদেশ দেন। গতকাল সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি মামলাটি করেন বঙ্গবন্ধু আইনজীবী ফাউন্ডেশনের সভাপতি মশিউল আলম। দুপুরে শুনানির পর হাকিম সাইফুর রহমান আবেদনটি সরাসরি খারিজ করে দেন। আদেশে আদালত বলেন, মামলার বাদী কোনো সরকারি কর্মকর্তা নন। এ ধরনের মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমোদন না থাকায় তা খারিজ করা হলো। মামলার আরজিতে বলা হয়েছিল, গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন টাইমস পত্রিকায় প্রকাশিত ‘জিয়া: দ্য থ্যাংকলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শিরোনামে নিবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের আত্মনিয়ন্ত্রণাধিকারকে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রথম দেশ—এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।প্রকৃতপক্ষে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান ও ভারত।মামলার আরজিতে আরও বলা হয়, বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন। তাই বলে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ আহ্বান করতে পারেন না। ওই নিবন্ধে খালেদা জিয়া বিদেশি শক্তিকে আহ্বান জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এটা রাষ্ট্রদ্রোহের শামিল।